রেকর্ড ডেটের কারণে কাল ৬ কোম্পানির লেনদেন বন্ধ
লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি ছয়টি হলো আইসিবি ইসলামিক ব্যাংক, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার, যমুনা ব্যাংক, ইনটেক অনলাইন ও নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন আগামীকাল বন্ধ থাকবে।’
ডিএসই সূত্রে জানা যায়, কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এ ছাড়া অ্যাপেক্স ফুটওয়্যার ৫৫ শতাংশ নগদ, যমুনা ব্যাংক ১৫ শতাংশ শেয়ার ও নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। তবে আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ দেয়নি।
অন্যদিকে বিশেষ সাধারণ সভার রেকর্ড থাকার কারণে আগামীকাল ইনটেক অনলাইনের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।