রেকর্ড পরিমাণ জরিমানা দেবে জেপিমর্গ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জেপিমর্গ্যান চেজ
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জেপিমর্গ্যান চেজ

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জেপিমর্গ্যান চেজ কয়েক বছর আগে বন্ধকি ঋণ-সংকটের সময়ে বিনিয়োগকারীদের বিভ্রান্তি তথা ঝুঁকিতে ফেলে দেওয়ার দায়ে এক হাজার ৩০০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে।
এ যাবৎকালে এটিই হচ্ছে মার্কিন সরকারের সঙ্গে কোনো কোম্পানির এককভাবে এ ধরনের সবচেয়ে বড় অঙ্কের আর্থিক নিষ্পত্তির ঘটনা। খবর এএফপি ও বিবিসির।

জেপিমর্গ্যান চেজ স্বীকার করে নিয়েছে, তারা বন্ধকি ঋণ-সংকটের সময়ে জনগণকে মারাত্মক অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল। তবে এতে মার্কিন আইন লঙ্ঘিত হয়নি বলেও তারা দাবি করেছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যামি ডিমোন এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিষয়টি নিষ্পত্তিতে একটি ব্যাপকভিত্তিক চুক্তি সম্পাদন করতে পেরে আনন্দিত।’

জরিমানার অর্থ থেকে প্রায় ৪০০ কোটি ডলার পাবেন বাড়ির মালিকেরা, যাঁরা জেপিমর্গ্যানের বিভ্রান্তিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ‘জনগণকে তাঁদের বাড়িতে থাকতে দেওয়ার’ লক্ষ্যেই এ অর্থ প্রদান করা হবে।

আর ৭০০ কোটি ডলার জরিমানা দিতে হবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বা কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের দেওয়ানি অভিযোগ নিষ্পত্তির জন্য। ঝুঁকিপূর্ণ বন্ধকি সম্পদ বিক্রি করার কারণে যাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁদের এই অর্থ দেবে জেপিমর্গ্যান।

বাকি ২০০ কোটি ডলার জরিমানা হিসেবে পাবে যুক্তরাষ্ট্র সরকার।
এদিকে দৃশ্যত সফলভাবে অভিযোগ নিষ্পত্তি হলেও যুক্তরাষ্ট্র সরকার জেপিমর্গ্যানের অভ্যন্তরে দেওয়ানি তদন্ত পরিচালনা করছে। অন্যদিকে দেশটির বিচার বিভাগ থেকেও ব্যাংকটিতে ফৌজদারি তদন্ত অব্যাহত রয়েছে।