রেনইউকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। দাম বৃদ্ধির বিষয়টি তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, ২ মার্চ ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ২২০ টাকা। ২৭ মার্চ তা বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ টাকায়। এর আগে ২ মার্চ ডিএসইর এক অনুসন্ধানের জবাবে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। এর পরও দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ডিএসই কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।
এদিকে আজ দুপুর সোয়া ১২টা নাগাদ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৫ দশমিক ৬৯ শতাংশ বা ২৩ টাকা ৬০ পয়সা বেড়ে লেনদেন হয় ৪৩৮ টাকায়।