দেশে রেফ্রিজারেটর শিল্পে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এই খাতে সুরক্ষা দিতে রেফ্রিজারেটর আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছে রেফ্রিজারেটর উৎপাদক সমিতি। বর্তমানে এই খাতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ। অন্যদিকে রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্থানীয়ভাবে উৎপাদিত ও আমদানি করা এসব পণ্যে শুল্ক বৈষম্য কমানোর সুপারিশ করা হয়েছে। সমিতির নেতারা বলছেন, রেফ্রিজারেটর ও এয়াকন্ডিশন আমদানিতে সব মিলিয়ে ২১৭ শতাংশ শুল্ক দিতে হয়। অথচ উৎপাদকেরা মাত্র ১৪ শতাংশ শুল্ক দেন। এটি বৈষম্যমূলক।গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় এই দুই খাতের ব্যবসায়ীরা নিজেদের পক্ষ থেকে এসব দাবি জানান। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নেন। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এতে সভাপতিত্ব করেন।এ সময় গোলাম হোসেন বলেন, রাজস্ব আহরণের জন্য শেষ প্রান্তিক হলো ভালো সময়। কিন্তু চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে এসেই রাজনৈতিক অস্থিরতায় এনবিআর ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোট লক্ষ্যমাত্রার ১ শতাংশ রাজস্ব কম আহরিত হলে প্রায় ১১০ কোটি টাকার ঘাটতিতে পড়তে হয়।আলোচনা: বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে পিএসআই প্রথা আগামী অর্থবছর থেকে প্রত্যাহারসহ এ খাতের ওপর আরোপিত টার্নওভার কর দশমিক ৫ শতাংশ সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়। সমিতির সভাপতি মইনুল হোসেন বলেন, কম্পিউটার ব্যবসায়ীদের জন্য টার্নওভার কর একটি বড় সমস্যা। একটি কোম্পানি হয়তো ক্রয়-বিক্রয় করছে কিন্তু মুনাফা হচ্ছে না। এর পরও তাকে কর দিতে হবে লেনদেনের ওপর। এটি অন্যায়। ব্যবসায় যদি মুনাফা না হয়, তাহলে কেন কর দিতে হবে?ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিকম ইনফ্রাস্ট্রাকচার অর্গানাইজেশন অব বাংলাদেশের (টিআইওবি) সভাপতি মীর নাসির হোসেন বলেন, রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছোট করে নিতে হবে। রাজস্ব আদায়, কর্মসংস্থান ব্যহত হবে। ব্যবসায়ীরা ইতিমধ্যে রাজনৈতিক অস্থিরতা বন্ধে উদ্যোগ নিয়েছে। সামনে আরও জোরালো পদক্ষেপ আসবে।ইউরিয়া রেজিন তৈরির কাঁচামাল আমদানি ‘মধ্যবর্তী কাঁচামাল’ স্তরে রাখার প্রস্তাব করেন বাংলাদেশ ইলেকট্রনিকস মার্চেন্টডাইজার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনায়েত হোসেন চৌধুরী।বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাব্বত উল্লাহ বলেন, দেশে উৎপাদিত ও আমদানি করা টেলিভিশনের যন্ত্রাংশের শুল্ক প্রায় একই রকম। এতে স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।