বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ে মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দরপতন। প্রতি মাসে যেখানে যুক্তরাজ্যপ্রবাসীরা ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার দেশে পাঠাতেন, সেখানে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ কমে হয়েছে মাসে ৪৫ থেকে ৫০ মিলিয়ন ডলার।
আবার পাউন্ডের দরপতনে যুক্তরাজ্য থেকে ক্রয় আদেশ কমে যাওয়া এবং বিনিময় হারের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারে পাউন্ডের আবারও আকস্মিক মূল্যপতনের ঘটনা ঘটেছে। এশিয়ার বাজারে ডলারের বিপরীতে পাউন্ডের দর আকস্মিকভাবে ১০ শতাংশ কমে দাঁড়ায় ১ দশমিক ১৩। অবশ্য পরক্ষণেই পতন কিছুটা কাটিয়ে প্রতি পাউন্ড বিক্রি হয় ১ দশমিক ১৮ ডলারে। গত ৩১ বছরের মধ্যে এটি পাউন্ডের দরপতনের নতুন রেকর্ড।
গত জুনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে দেশটির মানুষ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দেওয়ার পর থেকেই পাউন্ডের পতন শুরু। তখন পাউন্ডের লেনদেন বন্ধ করে পরিস্থিতি সামাল দেয় ব্রিটিশ সরকার। এরপর গণভোটের ওই রায় কার্যকর না–ও হতে পারে, এমন খবরে বাজার কিছুদিন শান্ত ছিল। কিন্তু গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গণভোটের রায় কার্যকর করার ঘোষণা দেন। ফলে পরদিন সোমবার থেকে আবারও পাউন্ডের দরপতন শুরু হয়। তবে শুক্রবারের ওই আকস্মিক পতন বাজারের স্বাভাবিক আচরণ, নাকি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, তা অনুসন্ধানে মাঠে নেমেছে ব্যাংক অব ইংল্যান্ড।
জুন মাসে অনুষ্ঠিত গণভোটের আগে প্রতি পাউন্ডের বিনিময়ে ১২০ টাকা পাওয়া যেত। গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় যাওয়ার পর তা কমতে কমতে ১০৩ টাকায় নেমে আসে। আর শুক্রবারের দরপতনের পর প্রতি পাউন্ডে দেশে পাঠানো যাচ্ছে সর্বোচ্চ ৯৮ টাকা। মূলধারার অনলাইনভিত্তিক অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে আরও কম। শুক্রবার ওয়েস্টার্ন ইউনিয়ন প্রতি পাউন্ডের বিনিময়ে দিচ্ছিল মাত্র ৯৬ টাকা।
বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যবিষয়ক কনস্যুলার শরিফা খান প্রথম আলোকে বলেন, পাউন্ডের দরপতনের ফলে নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ। প্রথমত, পাউন্ডের বিনিময়ে কম টাকা পাওয়া যাচ্ছে বলে যুক্তরাজ্য থেকে প্রবাসীদের অর্থ পাঠানো বেশ কমে গেছে। আবার যে পরিমাণ পাউন্ড পাঠানো হচ্ছে, বিনিময় হারের কারণে তাতেও মিলছে কম টাকা। তিনি জানান ২০১৫-১৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিট্যান্স গেছে মোট ৮৬৩ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার। আর চলতি অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স গেছে মাত্র ১৬৮ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। পাউন্ডের অব্যাহত দরপতনের কারণে সেপ্টেম্বরের পর রেমিট্যান্স প্রবাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
শরিফা খান বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম একক গন্তব্য যুক্তরাজ্য। কিন্তু পাউন্ডের দরপতন বাংলাদেশ থেকে পণ্য আমদানি ব্যয়বহুল করে তুলেছে। এতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য থেকে ক্রয় আদেশ কমে যাওয়ার খবর পাচ্ছেন বলে জানা তিনি। তিনি জানান, গত অর্থবছরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ৪ হাজার ১৭ দশমিক ৬০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। চলতি বছর যুক্তরাজ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা ৪ হাজার ৩১৫ মিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি হয়েছে মাত্র ৬৪৩ দশমিক ০৮ মিলিয়ন ডলারের পণ্য।
শরিফা খান বলেন, লেনদেনের বিষয়টি ডলারে হলেও পাউন্ডের বিনিময় হার প্রভাব ফেলছে বাংলাদেশের রপ্তানি আয়ে। তিনি বলেন, যুক্তরাজ্য থেকে পণ্য আমদানির জন্য এই দরপতন ভালো। কিন্তু বাংলাদেশ বছরে মাত্র ৫০০ মিলিয়ন ডলারের পণ্য যুক্তরাজ্য থেকে আমদানি করে। ফলে পাউন্ডের দরপতন বাংলাদেশের জন্য বড় ধরনের ক্ষতিই করছে।
বাংলাদেশি অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান এমটিবি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, একান্ত জরুরি না হলে কেউ আর দেশে অর্থ প্রেরণ করছেন না। বরং অনেকই বাংলাদেশ থেকে টাকা কীভাবে আনা যায়, তা জানার জন্য ফোন করছেন।