রেমিট্যান্স প্রবাহ বাড়াতে রোড শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেমিট্যান্স প্রবাহ ও বন্ড বিক্রি বাড়াতে বিভিন্ন দেশে রোড শো ও বিনিয়োগ মেলার আয়োজন করবে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে সেপ্টেম্বরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে এ রোড শোর কার্যক্রম শুরু হবে। পরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এই রোড শোর আয়োজন করা হবে।গতকাল শুক্রবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ডেপুটি গভর্নর আবুল কাসেম, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।সভায় বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশে পরিচালিত এক্সচেঞ্জ কোম্পানির রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানোর আহ্বান জানান গভর্নর আতিউর রহমান। একই সঙ্গে তিনি সভায় উপস্থিত ব্যাংকের প্রধান নির্বাহীদের রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহের জন্য ধন্যবাদ জানান।সভায় আতিউর রহমান বলেন, বিভিন্ন বন্ড বিক্রি বাড়াতে বিপণনব্যবস্থা জোরদার করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বন্ড বিক্রি বাড়ানোর জন্য প্রবাসীদের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এরই মধ্যে ব্যাপকভিত্তিক প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশি-বিদেশি পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় বন্ড-সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার, বিনিয়োগকারীদের মধ্যে বিভিন্ন প্রচার-পুস্তিকা বিতরণ, ব্যাংকের সহায়তা ডেস্কগুলোতে গ্রাহকদের মাঝে রেমিট্যান্স-সংক্রান্ত তথ্যের পাশাপাশি বন্ড-সম্পর্কিত তথ্য সরবরাহ করা হচ্ছে। এ লক্ষ্যে শিগগিরই বিদেশে রোড শো ও বিনিয়োগ মেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। গভর্নর আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি পাসপোর্টধারী নাগরিকদের রেমিট্যান্সের গুরুত্ব অপরিসীম। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে সাম্প্রতিক সময়ে বৈধ চ্যানেলে নিম্নমুখী রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এতে সর্বশেষ ২০১১-১২ অর্থবছরে আমাদের অর্জিত রেমিট্যান্স প্রবাহ প্রায় ১২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বিগত অর্থবছরের তুলনায় ১০.২৪ শতাংশ বেশি।আতিউর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের বিদেশে উপার্জিত অর্থ দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড নামে সঞ্চয়ী বন্ড বিদ্যমান রয়েছে। এসব বন্ডে মুনাফার হার ও প্রদত্ত অন্যান্য সুবিধা দেশে, এমনকি সারা বিশ্বে প্রচলিত যেকোনো সঞ্চয় স্কিমের তুলনায় বেশ আকর্ষণীয়। কিন্তু সে হিসেবে এ বন্ডগুলোতে প্রবাসীদের বিনিয়োগের পরিমাণ মোটেই আশাব্যঞ্জক নয়। যেসব দেশে বাণিজ্যিক ব্যাংকের আওতাধীন বৈদেশিক শাখা ও এক্সচেঞ্জ কোম্পানি কাজ করছে, সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে রোড শো ও বিনিয়োগ মেলা আয়োজন সফল করতে এক্সচেঞ্জ কোম্পানিগুলোকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন গভর্নর।বন্ডগুলোর বিক্রয় বাড়ানোর লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে গত ১৫ জুন অনুষ্ঠিত সভার সংশোধনী-সংবলিত একটি প্রজ্ঞাপন গত ৩০ জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ডগুলোর বিক্রয় ও নগদায়নের ক্ষেত্রে জটিলতা অনেকাংশে নিরসন হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।