রেল ক্যারেজের 'সংযোগ যন্ত্র' এখন দেশেই হচ্ছে
রেল ক্যারেজের সংযোগ যন্ত্র তৈরি করেছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। এ যন্ত্রের নাম ‘স্ক্রু কাপলিং হাইটেন সাইল কমলিট’। ওই কারখানার কামারশাল ও প্রোডাকশন মেশিন শপে (উপকারখানা) যন্ত্রটি তৈরি করা হয়েছে। এটি ট্রেনের দুটি ক্যারেজকে জুড়ে দেওয়ার কাজ করে।
সূত্র জানায়, বছরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে এ ধরনের ২৪২টি যন্ত্রের প্রয়োজন দেখা দেয়। আগে এ যন্ত্র আমদানি করতে হয়েছে। এতে যন্ত্রপ্রতি খরচ ৩০ হাজার টাকা। আর সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরিতে খরচ পড়ছে মাত্র ৭ হাজার ২৬ টাকা।
কামারশাল শপের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) শাহজাহান আলী জানান, গত দুই মাসে তাঁরা ১০টি স্ক্রু কাপলিং তৈরি করেছেন। বছরে এ ধরনের ১২১টি পর্যন্ত যন্ত্র তৈরি করা সম্ভব।
কারখানায় লোড টেস্টিং ল্যাবে স্ক্রু কাপলিংয়ের মান নিয়ন্ত্রণ করা হয়েছে। এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত প্রকৌশলী বলরাম পাল জানান, এখানে তৈরি ওই স্ক্রু কাপলিংগুলো বিশ্বমানের। কাজেই রেলের চাহিদা পূরণে যন্ত্রটি স্থানীয়ভাবে উৎপাদন করা উচিত। এতে বৈদেশিক মুদ্রা অপচয় রোধ হবে।