রেল ট্রানজিটে জোর দেওয়ার সুপারিশ
ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার বিপরীতে বাংলাদেশের প্রত্যক্ষ লাভ হবে সীমিত পর্যায়ের। বিদ্যমান নৌপথের বাইরে শুধু রেলপথেই ট্রানজিট দেওয়া অধিকতর বাস্তবসম্মত। এ জন্য ১০ কোটি ডলার বিনিয়োগ করা হলে দেড় থেকে তিন কোটি ডলার পর্যন্ত লাভ উঠে আসতে পারে।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পলিসি রিসোর্স প্রোগ্রামের পরিচালিত এক গবেষণায় এমন পর্যবেক্ষণই উঠে এসেছে। বিআইডিএসের গবেষণা পরিচালক কে এ এস মুরশিদ এ গবেষণাটি পরিচালনা করেন।এতে আরও বলা হয়েছে, ট্রানজিট বাণিজ্যের সুফল পাওয়ার বিষয়টি বহুলাংশে নির্ভর করছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্য আসামের সম্পৃক্ততার ওপর।যদি ভারতের মূল ভূখণ্ড থেকে আসামমুখী বাণিজ্যিক পণ্য পরিবহন উল্লেখযোগ্য হারে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধা নিয়ে পরিবাহিত না হয়, তাহলে ট্রানজিট বাণিজ্যে বাংলাদেশ তেমন একটা সুবিধা করতে পারবে না বলেও এ গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।চাহিদা নির্ধারণ: বিআইডিএসের এ গবেষণায় প্রথমে ট্রানজিটের চাহিদা নিরূপণের দিকে নজর দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্ব রাজ্যগুলোয় পণ্য আনা-নেওয়ার পরিমাণ ধরে চাহিদা নির্ণয় করা হয়েছে। বলা হয়েছে, এই পণ্যপ্রবাহের সিংহভাগই আসামকেন্দ্রিক। ভারতীয় মূল ভূখণ্ড থেকে প্রথমে পণ্যগুলো সাধারণত আসামে যায়। তারপর আসাম থেকে আবার অন্য রাজ্যগুলোয় যায়।২০০৮ সালে এই রাজ্যগুলোয় রেলে চেপে ৬৮ লাখ ৪৭ হাজার মেট্রিক টন পণ্য গেছে, আর রাজ্যগুলো থেকে ৯০ লাখ ৮৬ হাজার মেট্রিক টন পণ্য ভারতের মূল ভূখণ্ডে এসেছে। এর মধ্যে শুধু আসাম থেকেই আসা ও যাওয়ার অংশ যথাক্রমে ৮০ ও ৯৮ শতাংশ।আবার সড়কপথে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই রাজ্যগুলোর বার্ষিক পণ্য আনা-নেওয়ার পরিমাণ তিন কোটি ৯০ লাখ মেট্রিক টন। সুতরাং সড়ক ও রেলপথ মিলিয়ে সাড়ে পাঁচ কোটি মেট্রিক টনের পণ্য আনা-নেওয়ার বাজার রয়েছে এ অঞ্চলে।এসব তথ্য উল্লেখ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই বাজারের কতখানি বাংলাদেশের দিকে ধাবিত হবে বা বাংলাদেশের ওপর দিয়ে সম্পন্ন হবে, তার ওপর ট্রানজিটের সদ্ব্যবহার ও ট্রানজিট থেকে প্রাপ্তি নির্ভর করছে।আরও বলা হয়েছে, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুর থেকে এই পণ্যবাজারের প্রায় পুরোটাই বাংলাদেশের দিকে ধাবিত হবে। মেঘালয় থেকেও কিছু অংশ ধাবিত হতে পারে। তবে সমন্বিতভাবে এ পাঁচটি রাজ্যের মোট পণ্য পরিবহন এ অঞ্চলের মোট পণ্য পরিবহনের ক্ষুদ্র অংশ। সড়ক ও রেল মিলিয়ে সর্বোচ্চ ৩৩ লাখ মেট্রিক টন পণ্য ট্রানজিট-ট্রানশিপমেন্টের ফলে বাংলাদেশের ওপর দিয়ে আনা-নেওয়া হতে পারে।এ বাস্তবতায় আসামকেন্দ্রিক পণ্য পরিবহনের কতখানি বাংলাদেশের ওপর দিয়ে সম্পন্ন হবে, প্রধানত এর ওপরই ট্রানজিটের সুফল নির্ভর করছে বলে বিআইডিএসের এ সমীক্ষায় মন্তব্য করা হয়েছে।সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের আওতায় পরিচালিত সমীক্ষায় মেঘালয় থেকে ৩৫ শতাংশ ও আসাম থেকে ৫০ শতাংশ পণ্য পরিবহন বাংলাদেশে ধাবিত বলে যে ধারণা দেওয়া হয়েছে, বিআইডিএসের গবেষণায় তার সঙ্গে দ্বিমত পোষণ করা হয়েছে। বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের, বিশেষত আসামের পরিবহন বাণিজ্য ভারতের কেন্দ্রীয় সরকারের ভর্তুকি পেয়ে থাকে। আর বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট বা করিডোর সুবিধা নেওয়ার বিষয়ে ত্রিপুরা রাজ্যের দিক থেকে যতখানি আগ্রহ পরিলক্ষিত হয়, ততটা আসামের দিক থেকে নয়।আলোচ্য গবেষণায় আরও বলা হয়েছে, উত্তর-পূর্ব ভারতের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ আসামে। এখানকার মোট বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ আসামকেন্দ্রিক। সুতরাং আসামের দিক থেকে এই ট্রানজিটের চাহিদা সেভাবে তৈরি না হলে, বাংলাদেশের পক্ষে বড় বিনিয়োগের কোনো সুযোগ নেই।রেলপথের অগ্রাধিকার: বিআইডিএসের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যোগাযোগের মাধ্যম হিসেবে রেলের কোনো বিকল্প নেই। আর রেলের মৌলিক অবকাঠামো বাংলাদেশে আছে। সুতরাং ট্রানজিটকে সামনে রেখে এসব অবকাঠামো পুনর্গঠন ও সংস্কার করা হলে বাংলাদেশের রেল খাত পুনরুজ্জীবিত হবে। রেলের সম্প্রসারণে সড়কপথের মতো খুব বেশি জমি অধিগ্রহণেরও প্রয়োজন হবে না। এতে আরও বলা হয়েছে, যমুনার ওপর বঙ্গবন্ধু সেতু দিয়ে ভারী পণ্যবাহী রেল চলাচলে নিষেধাজ্ঞা আছে। সে ক্ষেত্রে ট্রানজিটের জন্য নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বিকল্প হিসেবে যমুনা সেতুর কাছাকাছি ফেরি পারাপারের ব্যবস্থা করা যেতে পারে। তবে তাতে খরচ বেড়ে যাবে বলেও মন্তব্য করা হয়েছে।পাশাপাশি বিভিন্ন পুরোনো সংযোগ নতুনভাবে পুনঃস্থাপন করা না হলে রেল যোগাযোগে সুবিধা হবে না। এ ক্ষেত্রে কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনরায় চালু করা, টঙ্গী-শাহবাজপুর লাইন ডুয়েল গেজ করা, আখাউড়া ও আগরতলার মধ্যে রেলসংযোগ চালু করাসহ নানা পদক্ষেপ নিতে হবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।সার্বিকভাবে রেল অবকাঠামোকে ট্রানজিট উপযোগী করতে প্রাথমিকভাবে ১০ কোটি ডলারের বেশি বিনিয়োগের দরকার হবে না বলে এ গবেষণায় বলা হয়েছে। ট্রানজিটের সীমিত চাহিদা বিবেচনায় এ প্রাক্কলন করা হয়েছে।সর্বোপরি বাংলাদেশের রেলওয়ের উচিত, শুধু উচ্চমূল্যের পরিবাহিত পণ্যের দিকে নজর দেওয়া। তাতে করে রেলওয়ের আয়টা গ্রহণযোগ্য পর্যায়ে থাকবে।মাশুল: আলোচ্য গবেষণায় প্রতি টন পণ্য রেলপথে বহনের জন্য ট্রানজিট মাশুল এক হাজার টাকা ধরে নেওয়া হয়েছে। এটা ধরা হয়েছে মূলত জাতীয় রাজস্ব বোর্ড গত বছর ট্রানজিটের জন্য মাশুল নির্ধারণের বিধিমালা জারি করেছিল, সেটার ভিত্তিতে। অবশ্য এ বছর মে মাসে এই বিধিমালাটি বাতিল করা হয়েছে।বিআইডিএসের গবেষণায় বলা হয়েছে, বছরে সর্বোচ্চ ৪০ লাখ টন পণ্য বাংলাদেশের ওপর দিয়ে রেলে পরিবাহিত হবে—এটা ধরে নিলে বছরে ট্রানজিট মাশুল থেকে আয় হতে পারে পাঁচ কোটি ৭০ লাখ ডলার। এর বিপরীতে বাংলাদেশ রেলওয়ের জন্য প্রদেয় ভর্তুকি বাদ দিলে প্রকৃত আয় দেড় কোটি ডলারে নেমে আসে। তবে ভারতের সঙ্গে ভালোভাবে দর-কষাকষি করা গেলে হয়তো এ আয় দ্বিগুণ হয়ে তিন কোটি ডলার হতে পারে। ১০ কোটি ডলার বিনিয়োগের বিপরীতে এ প্রাপ্তি খুব খারাপ না হলেও বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।