রেলওয়ে সংস্কারে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের সংস্কারে ১৫ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চারটি প্রকল্পে এই অর্থ খরচ হবে। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো টঙ্গী-ভৈরববাজার সেকশনে ৬৪ কিলোমিটার দ্বিমুখী রেললাইন নির্মাণ। গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে এ-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব ইকবাল মাহমুদ এবং এডিবির আবাসিক পরিচালক তেরেসা খো। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এডিবির অর্থায়নের অন্য প্রকল্পগুলো হলো: দর্শনা-ঈশ্বরদী-সিরাজগঞ্জ সেকশন পর্যন্ত রেললাইন সংস্কার; ঈশ্বরদী-দর্শনার মধ্যে ১১টি স্টেশনে সিগনালিং ব্যবস্থা আধুনিকীকরণ এবং তদারকি পরামর্শক সেবা প্রদান। রেলওয়ে সংস্কারের লক্ষ্যে ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর এডিবির সঙ্গে স্বাক্ষরিত ৪৩ কোটি ডলার ঋণচুক্তির অংশ হিসেবে এই অর্থ পাচ্ছে বাংলাদেশ। টঙ্গী-ভৈরববাজার সেকশনে ডবল লাইন স্থাপনে এডিবি ইতিমধ্যে ১৩ কোটি ডলার প্রদান করেছে।