রেলওয়েকে বরাদ্দ ৪ হাজার ৯৯১ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১২-১৩ অর্থবছরে রেলপথ মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে চার হাজার ৯৯১ কোটি ৪৬ লাখ টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশকালে এই বরাদ্দের প্রস্তাব করেন। খবর বাসসের।বাজেট বক্তৃতায় বলা হয়, ২০০৮-০৯ অর্থবছরে রেলওয়ের জন্য বাজেট ছিল দুই হাজার ১২৭ কোটি টাকা, যা ২০১১-১২ অর্থবছরে তিন হাজার ৮৯১ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ গত তিন বছরে রেলওয়ের বাজেট প্রায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, গত বাজেটে তিনি উল্লেখ করেছিলেন, রেলওয়েকে বিশেষ অগ্রাধিকার দিয়ে একটি নতুন বিভাগ সৃষ্টি করা হয়েছে। এর ধারাবাহিকতায় একে মন্ত্রণালয়ে রূপান্তর করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েকে একটি করপোরেট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়েতে লাইন্স অব বিজনেস (এলওবি) ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘২০ বছর মেয়াদি একটি রেলওয়ে মাস্টারপ্ল্যানের আওতায় এক লাখ ২৫ হাজার ৯২৯ কোটি টাকা ব্যয়ে ২৩১টি প্রকল্প গ্রহণের প্রস্তাব আমরা বিবেচনা করছি।’ রেলওয়ের সেবার মান বৃদ্ধি করে একে একটি আধুনিক পরিবহনমাধ্যমে উন্নীত করাই লক্ষ্য বলে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখ করেন। অর্থমন্ত্রী বলেন, ইতিমধ্যে ১৫ জোড়া নতুন ট্রেন চালু করা হয়েছে। বিভিন্ন রুটে আট জোড়া ট্রেনের সার্ভিস বাড়ানো হয়েছে। তিনি বলেন, নতুন রেললাইন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়েকে উপ-আঞ্চলিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক রেল নেটওয়ার্কে যুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, ট্রান্স এশিয়ান রেলওয়েতে সংযোগ স্থাপনের লক্ষ্যে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ চলছে। আবদুল মুহিত বলেন, ই-টিকিটিং কার্যক্রমের আওতায় মুঠোফোন ও ইন্টারনেটে টিকিটসংক্রান্ত তথ্য প্রাপ্তি ও টিকিট কাটার সুবিধা প্রবর্তন করা হয়েছে। রেলওয়ে অবকাঠামো সম্প্রসারণ সম্পর্কে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম করিডরকে ডাবল লাইনে উন্নীত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। টঙ্গী-ভৈবরবাজার এবং লাকসাম-চিনকি আস্তানা সেকশনে ডাবল লাইন নির্মাণকাজের চুক্তিপত্র সম্পাদিত হয়েছে।অর্থমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে আমরা ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন, টঙ্গী-জয়দেবপুর এবং ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ করব।’ তিনি বলেন, খুলনা-পার্বতীপুরসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সেকশনেও ক্রমান্বয়ে ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।