রেশম কারখানা এখন রিকশার গ্যারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেও রাজশাহীর বিসিক শিল্পনগরের ‘রিফা সিল্ক ফ্যাক্টরি’র সামনে ছিল সুন্দর আলো ঝলমলে একটি বিক্রয়কেন্দ্র। আর ভেতর থেকে ভেসে আসত তাঁতের ছন্দময় খট খট শব্দ। অথচ এই কারখানাটি এখন ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে পরিণত হয়েছে। আর যেসব শ্রমিক এক সময় তাঁদের সুদক্ষ হাতে কাপড় বুননের কাজে ব্যস্ত থাকতেন তাঁরা এখন সেই হাতে ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছেন।হাতেগোনা কয়েকটি বাদ দিলে এভাবেই একে একে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর সেখানে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ কিংবা নাইলনের জাল তৈরির কারখানা গড়ে উঠছে!জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব) রাজশাহী জেলা শাখার সভাপতি ও আধুনিক সিল্ক মিলসের মালিক লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘বিসিক শিল্পনগরসহ রাজশাহীতে যেখানে সব মিলিয়ে ৭৭টি রেশম কারখানা ছিল, সেখানে বর্তমানে মাত্র চার-পাঁচটি কারখানা আছে।’ এর কারণ হিসেবে তিনি জানান, গত এক বছরে কেজিপ্রতি রেশম সুতার দাম দুই হাজার ২০০ টাকা থেকে বেড়ে প্রায় পাঁচ হাজার টাকায় গিয়ে দাঁড়িয়েছে।রাজশাহীর ব্যবসায়ীরা জানান, ১৯৯১ সালের দিকে শুধু একটা ট্রেড লাইসেন্স থাকলেই শুল্কমুক্ত সুবিধায় সুতা আমদানির সুযোগ দিত সরকার। তখন চীন, ভিয়েতনাম, উজবেকিস্তান, ব্রাজিল, কোরিয়া, ভারতসহ প্রভৃতি দেশ রেশম সুতা রপ্তানি করত। কিন্তু চীন ছাড়া অন্য সব দেশ এক এক করে রপ্তানি বন্ধ করে দেয়। এবার চীনও রপ্তানি বন্ধ করেছে। দেশে গত বছর অতিরিক্ত গরমের কারণে তিনটি ‘বন্দ’ বা উৎপাদন মৌসুমের মধ্যে দুটিতেই বিপর্যয় ঘটেছে। যে কারণে সুতার সংকট প্রকট আকার ধারণ করে এবং ব্যবসায়ীরা এই ব্যবসা ছাড়তে বাধ্য হন।সম্প্রতি রাজশাহী বিসিক শিল্পনগরে আনারুল সিল্ক ফ্যাক্টরির মালিক আনারুল প্রথম আলোকে জানান, সুতার দাম বেড়ে যাওয়ায় তিনি কারখানা বন্ধ করে দিয়ে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ করেছেন। একই তথ্য জানালেন রিফা সিল্ক ফ্যাক্টরির মালিকের ছেলে সোহাগ।রাজশাহী বিসিক শিল্পনগরের সবচেয়ে বড় রেশম কারখানা সপুরা সিল্ক মিলস লিমিটেড। যেটির দেশে-বিদেশে অনেকগুলো বিক্রয়কেন্দ্র রয়েছে। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সদর আলীও প্রথম আলোকে জানান, যে হারে সুতার দাম বেড়েছে সেই হারে কাপড়ের দাম বাড়ানো হলে রেশমের কাপড়ের কোনো ক্রেতা পাওয়া যাবে না। তাঁরা কিছুটা দাম বাড়িয়েছেন বটে। এতে ক্রেতা কমে যাচ্ছে। সে জন্য তিনি রেশম কারখানাটিকে বাঁচিয়ে রাখতে মুরগির খামার ও কৃষিখামার করেছেন, যাতে রেশমের মন্দার ক্ষতি খামারের আয় দিয়ে পোষানো যায়।সদর আলী আরও বলেন, এখন এই শিল্পকে বাঁচাতে হলে শুধু বিদেশি সুতার ট্যাক্স-ভ্যাট প্রত্যাহার নয়, দেশি সুতার উৎপাদন বাড়াতে হবে। রেশম বোর্ডকে শক্তিশালী করতে হবে এবং সিল্ক রিসার্চ সেন্টারের সঙ্গে সমন্বয় করাতে হবে।এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা অভিযোগ করে বলেন, নীতিগতভাবে সরকার রেশমকে কৃষির আওতাভুক্ত করলেও বাস্তবে ফল পাওয়া যাচ্ছে না। ভুট্টা, চা, পাট, ডাল, আদা, রসুন ইত্যাদি আবাদের জন্য ২ শতাংশ হারে কৃষককে ঋণ দেওয়া হলেও রেশমের ক্ষেত্রে এখনো তা করা হয়নি। এই শিল্পকে বাঁচাতে তা করতেই হবে।বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাদিম সিল্ক ইন্ডাস্ট্রিজের মালিক মো. নাদিম জানান, তিনি কোরবানির ঈদ পর্যন্ত কোনো রকমে কারখানা চালাবেন। এরপর সুতার দাম না কমলে তিনি কারখানা বন্ধ করে দেবেন।বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও উষা সিল্কের মালিক মঞ্জুর ফারুক চৌধুরী জানান, গত এক মাসে কেজিপ্রতি চীনা রেশম সুতার দাম এক হাজার টাকা করে বেড়েছে। এই অবস্থায় দেশি সুতার উৎপাদন বাড়ানো এবং আমদানির ক্ষেত্রেও ট্যাক্স ও ভ্যাট কমানো ছাড়া রেশমশিল্পকে বাঁচানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।ফৌজদার টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিংয়ের মালিকের একজন আত্মীয় মোজাম্মেল হক বলেন, ‘সুতার দাম বাড়ার কারণে এই কারখানাটি বন্ধ করা হয়েছে। কোরবানির ঈদের পর বিক্রয়কেন্দ্রটিও বন্ধ করে দেওয়া হবে।’এদিকে বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান সুনীল চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ, দেশে সুতার চাহিদা প্রায় ৩০০ মেট্রিক টন। এর বিপরীতে স্থানীয়ভাবে সরবরাহ হচ্ছে ৩০ থেকে ৪০ টন। তিনি আরও বলেন, দাম বেশি হওয়ায় এখন স্থানীয় চাষিরা উৎসাহিত হচ্ছেন। এর ফলে প্রতি ‘বন্দেই’ (মৌসুমে) উৎপাদন বাড়ছে। স্থানীয় লোকজন এখন চিকন সুতা তৈরি করছেন। এভাবেই এগিয়ে যেতে হবে।