রেশম সুতার উৎপাদন বাড়াতে বরাদ্দ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুতা নিয়ে দুশ্চিন্তায় আছেন রেশমশিল্প খাতের ব্যবসায়ীরা। কারণ, দেশে রেশম সুতার উৎপাদন পর্যাপ্ত নয়। তাই ব্যবসায়ীদের ভরসা ছিল আমদানি করা সুতা। কিন্তু চীন ছাড়া সব দেশই রেশম সুতা রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর চীন সুতা বিক্রি করলেও দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে।এ অবস্থায় দেশীয়ভাবে রেশম সুতা উৎপাদনের দিকে মনোযোগী হচ্ছেন রেশমশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা। তবে তাঁরা মনে করছেন, সরকারি সহায়তা ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয়। সে কারণেই আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে রেশম সুতার উৎপাদনে রেশমচাষিদের উৎসাহী করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটে অর্থবরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।বাংলাদেশ সিল্ক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আগে চীনের রপ্তানিকারকেরা যেভাবে সাড়া দিতেন, এখন আর সেভাবে দিচ্ছেন না। চীন থেকে যে সুতা পাওয়া যাচ্ছে, তার দামও অনেক বেশি। রেশম সুতার অভাবই এখন দেশের রেশম ব্যবসায়ীদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।’রেশম খাতের উদ্যোক্তারা জানান, রেশম বস্ত্রের প্রধান কাঁচামাল রেশম সুতা উৎপাদনে রেশমচাষিদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। বর্তমানে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটসহ দেশের কয়েকটি স্থানে হ্যান্ডস্পান সুতা (চরকা সুতা) উৎপাদিত হচ্ছে। ভোলাহাটিতে অন্তত ৫০০ পরিবার চরকা চালিয়ে রেশম সুতা উৎপাদন করছে। এই চরকা সুতা থেকে এন্ডি কাপড়ের পাঞ্জাবি ও শাড়ি তৈরি করা হয়।আলাউদ্দিন আহমেদ বলেন, সুতার উৎপাদনে রেশমচাষিদের এই আগ্রহ ধরে রাখতে হবে। এ জন্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে অর্থ জোগান দেওয়া এই মুহূর্তে বিশেষ প্রয়োজন।এদিকে হ্যান্ডস্পান সুতার (চরকা সুতা) কাঁচামাল রেশম গুটি ও গুটির ওয়েস্টেজ (টোপা) পর্যাপ্ত পরিমাণে দেশে উৎপাদিত না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয়। সে কারণে দেশীয় উৎপাদন বাড়ানোর স্বার্থে রেশম গুটি ও গুটির ওয়েস্টেজ আমদানি শুল্কমুক্ত করারও প্রস্তাব করেছে এই সমিতি। সমিতির নেতারা বলছেন, দেশে উৎপাদিত চরকা সুতার চাহিদা দেশে ও বিদেশে ব্যাপক। এভাবে সুতা উৎপাদন কার্যক্রম উৎসাহিত করা হলে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।একই সঙ্গে দেশীয় রেশমশিল্পের তাঁতিদের স্বার্থে রেশম বস্ত্র (সিল্ক ফেব্রিকস) আমদানিতে সর্বোচ্চ হারে শুল্ক এবং মূসক আরোপের সুপারিশও করেছে সমিতি। বর্তমানে অবশ্য সিল্ক ফেব্রিকস আমদানির ওপর সর্বোচ্চ আমদানি শুল্ক প্রযোজ্য।এ ছাড়া দেশীয় রেশমশিল্পের উৎপাদন ও বিক্রয় পর্যায়ে কোনো ধরনের মূসক আরোপ না করার প্রস্তাবও করেছে সংগঠনটি।কৃষিভিত্তিক শিল্প হওয়ায় রেশম বস্ত্র রপ্তানিতে ২৫ শতাংশ নগদ সহায়তা এবং রেশমচাষি ও ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণদান করার প্রস্তাব করেছে সংগঠনটি।বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে (বিভিন্ন কার্ডের মাধ্যমে) রেশম বস্ত্র রপ্তানি থেকে বছরে আয় হচ্ছে ১০ লাখ ডলার। আলাউদ্দিন আহমেদ আরও বলেন, সরকারের কাছ থেকে যথাযথ প্রণোদনা ও সহায়তা পেলে এ খাতের রপ্তানি আয় ৫০ লাখ ডলারে উন্নীত করা সম্ভব।দেশের রেশমচাষি, রেশম সুতা ও বস্ত্র উৎপাদনকারী, রেশম বস্ত্রের বিক্রেতা (শোরুম), রেশম বস্ত্র রপ্তানিকারক মিলিয়ে ৫০০-এর মতো সদস্য আছেন সিল্ক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির। সংগঠনটি বলছে, দেশে রেশম খাতের উদ্যোক্তাদের বিনিয়োগ প্রায় ৫০০ কোটি ডলারের।