বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৮ শতাংশ মানুষ রেস্তোরাঁয় খাবে। তাঁরা এবারের ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে বাসার বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করার পরিকল্পনা হাতে নিয়েছে।
প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ড পরিচালিত সর্বশেষ ‘কনজ্যুমার পারচেজিং প্রায়োরিটিজ সার্ভে’ শীর্ষক এক জরিপে এমন অভিমত উঠে এসেছে। ওই অঞ্চলের ভোক্তাদের ৪৪ শতাংশই প্রিয়জন বা ভালোবাসার মানুষজনকে উপহার দিয়ে চমকে দেওয়ার পরিকল্পনা করেছে বলে জরিপে উঠে এসেছে।
গতকাল সোমবার মাস্টারকার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এতে মাস্টারকার্ড আরও বলেছে, অন্য সব দেশের চেয়ে চীনা নাগরিকেরাই ভালোবাসা দেখানোর প্রবণতা ও আধিক্যে সবচেয়ে বেশি এগিয়ে। দেশটির ৭৫ শতাংশ বা প্রতি চারজন প্রেমিক-প্রেমিকার মধ্যে তিনজনেরই ভালোবাসার মানুষ বা বিশেষ কাউকে উপহার দেওয়ার পরিকল্পনা আছে। দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের প্রেমিক-প্রেমিকাদের ৭৪ শতাংশই ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার পরিকল্পনা করে রেখেছে।
মাস্টারকার্ডের জরিপে আরও উঠে এসেছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ এবারের ভালোবাসা দিবসের উপহার কিনতে গড়ে ৭১ মার্কিন ডলার খরচ করবে। চীনারা সর্বোচ্চ গড়ে ২৩২ ডলার খরচ করবেন। আর হংকং ও তাইওয়ানের নাগরিকেরা যথাক্রমে গড়ে ১৭০ ও ১৪৭ ডলার করে ব্যয় করবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নারীদের চেয়ে পুরুষেরা উপহার বাবদ ২৫ শতাংশ বেশি খরচ করবে। পুরুষদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশই উপহার হিসেবে ফুল দিতে পছন্দ করেন। নারীদের মধ্যে সর্বোচ্চ ২৮ শতাংশ জামাকাপড় ও চামড়াজাত পণ্য কিনতে চান। আবার নারী ও পুরুষ উভয়ের ভালোবাসা দিবসের উপহার হিসেবে প্রথম পছন্দ হলো ফুল। সম্মিলিতভাবে ২৮ শতাংশ নারী-পুরুষ এটি পছন্দ করেন।
মাস্টারকার্ডের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যোগাযোগবিষয়ক ভাইস প্রেসিডেন্ট গিওর্গেত্তে ত্যান বলেন, ভালোবাসা দিবসে নিজেদের ভালোবাসা প্রকাশে বা ভালোবাসার নিদর্শন হিসেবে এই অঞ্চলের মানুষ ঐতিহ্যগতভাবে প্রিয়জনকে ফুল উপহার দিতে ও বাইরে গিয়ে খেতে পছন্দ করে।
মাস্টারকার্ডের এই জরিপমতে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড়ে ৬৪ শতাংশ মানুষ ভালোবাসা দিবসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবেন না। তবে ভিয়েতনামের ৭৬ শতাংশ, চীনের ৬৮ শতাংশ ও তাইওয়ানের ৫১ শতাংশ উত্তরদাতা (জরিপে অংশগ্রহণকারী) মনে করেন, বিয়ের প্রস্তাব পাওয়া বা দেওয়ার জন্য ভালোবাসা দিবসই সবচেয়ে উত্তম দিন।