রোজা ও ঈদে মূল্যস্ফীতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মূলত রোজা ও ঈদের কেনাকাটার কারণে এই মূল্যস্ফীতি বেড়েছে। মাসওয়ারি ভিত্তিতে জুন মাসে সার্বিকভাবে ৫ দশমিক ৫৩ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। গত মে মাসে এই হার ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। পাঁচ মাস ধরেই মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে রয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে মূল্যস্ফীতির সর্বশেষ হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এই একনেক সভা হয়।
জুন মাসে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, ঈদের কারণে জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে সার্বিকভাবে বছরের গড় মূল্যস্ফীতি কমেছে।
উল্লেখ্য, সদ্য বিদায়ী অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৯২ শতাংশ। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশের মধ্যে ধরে রাখার আশা প্রকাশ করেন। সেই অনুযায়ী, মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যেই থাকল। এর আগে ২০১৪-১৫ ও ২০১৩-১৪ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৬ দশমিক ৪১ শতাংশ ও ৭ দশমিক ৩৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতি মাসে মূল্যস্ফীতির হিসাব ও বিশ্লেষণ করে থাকে। জুন মাসের মূল্যস্ফীতি পরিস্থিতি বিশ্লেষণ করে বিবিএস আরও বলছে, মুড়ি, ডাল, মাছ, মাংস, শাকসবজি, মসলা, তেল এবং তামাকজাতীয় পণ্যের দাম মে মাসের তুলনায় জুন মাসে বেড়েছে দশমিক ৪৪ শতাংশ। একই সময়ে জামাকাপড়, জ্বালানি, বিদ্যুৎ, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহনসহ বিভিন্ন সেবা ও পণ্যের দাম বেড়েছে দশমিক শূন্য ৩ শতাংশ।
বিবিএসের হিসাবে, জুন মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বাড়লেও খাদ্যবহির্ভূত খাতে কমেছে। ওই মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ২৩ শতাংশ। আর মে মাসে ছিল ৩ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে জুন মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। মে মাসে ছিল ৭ দশমিক ৯২ শতাংশ। তবে জুন মাসে ঈদ উপলক্ষে জামাকাপড় কেনাকাটা এবং পরিবহন খরচ বেড়েছে।
বিবিএসের প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রাম ও শহরের মূল্যস্ফীতির ফারাক ক্রমশ বাড়ছে। গ্রামে কমছে; শহরে বাড়ছে। জুন মাসেও গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। জুন মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২৩ শতাংশ; গ্রামে এই হার ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মানুষের মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের জাতীয় মজুরি হার সূচকে দেখা গেছে, ২০১৫ সালের জুন মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯১ শতাংশ। চলতি বছরের জুন মাসে তা বেশ কমে দাঁড়ায় ৬ দশমিক ১০ শতাংশ। তবু মজুরি বৃদ্ধির হার কমলেও তা মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়ছে না। কারণ, সার্বিক মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার বেশি।