রোজার আগে বাজার গরম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রেতাদের ভাষ্য, রোজাকে সামনে রেখে বেশ কিছু নিত্যপণ্যের দাম প্রতিবছরই বাড়ে। এ বছরও বেড়েছে। ছবিটি কারওয়ানবাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
বিক্রেতাদের ভাষ্য, রোজাকে সামনে রেখে বেশ কিছু নিত্যপণ্যের দাম প্রতিবছরই বাড়ে। এ বছরও বেড়েছে। ছবিটি কারওয়ানবাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

রোজাকে সামনে রেখে বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। কিন্তু আমদানি কর্তৃপক্ষ বলছেন পণ্যের সরবরাহ ঠিক আছে।
সরেজমিনে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কাঁঠালবাগান, হাতিরপুল, মিরপুরসহ কয়েকটি এলাকার বাজার ঘুরে দেখা গেছে রোজার সময় বেশি ব্যবহৃত হয় এমন কিছু পণ্যের দাম বেড়েছে। প্রতি কেজি ছোলা এক সপ্তাহ আগেও ৫০-৫৫ টাকায় বিক্রি হতো। এখন তা ৬০-৬৫ টাকা। অর্থাৎ​ কেজিতে বেড়েছে ১০ টাকা। ইফতার তৈরির আরেক গুরুত্বপূর্ণ পণ্য খেসারির ডাল আগে ছিল প্রতি কেজি ৪৮-৫০ টাকা। এখন তা ৬০ টাকা। এ ছাড়া ৬০-৬৫ টাকার বেসন এখন ৭৫-৮০ টাকা। ইফতারের অন্যতম আরেক উপাদান বেগুন কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিল ২০-২৫ টাকা কেজি, তা এখন ৫০ টাকা। 

রোজার সময় বেশি ব্যবহৃত কিছু পণ্যের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। ছবিটি কারওয়ানবাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
রোজার সময় বেশি ব্যবহৃত কিছু পণ্যের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। ছবিটি কারওয়ানবাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম


এ ছাড়া বেড়েছে পেঁয়াজের দাম। গত মাসেও কেজি প্রতি দেশি পেঁয়াজ ছিল ৩৫ টাকা। এখন তা ৪৫ টাকা। বিক্রেতারা বলছেন, রোজাকে সামনে রেখে এই দাম প্রতিবছরই বাড়ে। এ বছরও তাই বেড়েছে। তবে রোজা শুরু হলে কয়েক দফা এসব পণ্যের দাম বাড়তেই থাকবে। কাঁঠালবাগানের দোকানদার বাদশা মিয়া বলেন, ‘পাইকারি বাজারে দাম বাড়ার কারণে আমরা দাম বাড়াতে বাধ্য হই।’ 
হাতিরপুলে বাজার করতে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘প্রতিটি জিনিসেরই দাম বেড়েছে। রোজা এলেই একটা নিয়ম হয়ে গেছে জিনিসের দাম বাড়বে। আর এর ভোগান্তি পোহাতে হয় আমাদের।’ দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে উৎসবকে সামনে রেখে পণ্যের দাম কমায়, মূল্য ছাড় দেয়। আর আমাদের দেশে এর উল্টো।’ 
রাজধানীর পাড়া মহল্লার বাজার থেকে কারওয়ান বাজারের খুচরা দোকান গুলোতে দাম তুলনামূলকভাবে কিছুটা কম। এখানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪২ টাকা, ভালো মানের ছোলা ৬০ টাকা, খেসারির ডাল ৬০, বেসন ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এখানকার মেসার্স আশা জেনারেল স্টোরের বিক্রেতা কামাল মিয়া জানান, ‘রোজা আসলেই পাইকারি বাজারেও দাম বাড়ে। এখানে আমাদের কিছু করার থাকে না।’
বিভিন্ন পণ্যের দাম বাড়ার কারণ জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. মেহবুব হক বলেন ছোলা, মটর, চিনি, ভোজ্যতেল সহ এমন নানা পণ্যের সরবরাহ গত বছরের থেকে বেশি। এ ছাড়া বন্দরে আসার পথেও আছে অনেক পণ্য। দাম বাড়ানোর জন্য অন্য কোনো কারণ আছে বলে মনে করেন না তিনি। 

রোজা সামনে রেখে বেশ কিছু নিত্যপণ্যের দাম ইতিমধ্যে বেড়েছে। সামনে আরও বাড়বে বলে আভাস বিক্রেতাদের। ছবিটি কারওয়ানবাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
রোজা সামনে রেখে বেশ কিছু নিত্যপণ্যের দাম ইতিমধ্যে বেড়েছে। সামনে আরও বাড়বে বলে আভাস বিক্রেতাদের। ছবিটি কারওয়ানবাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম


বিভিন্ন বাজারে এরই মধ্যে আরেক দফা বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। হাতিরপুলে গরুর মাংস বিক্রি হচ্ছে ৩৮০-৩৯০ টাকায়, খাসির মাংস ৫০০ টাকায়। বেড়েছে ব্রয়লার মুরগিরও দাম। এক সপ্তাহ আগেও প্রতিকেজি ১৫০ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। বিক্রেতারা বলছেন, রোজা শুরু হলে আরও বাড়তে পারে। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলমও এই আশঙ্কার কথা স্বীকার করলেন। তিনি বলেন, ভারত থেকে গরু না আসলে গরুর মাংসের দাম কোথায় গিয়ে ঠেকবে বলা কঠিন।
রোজায় বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী বলেন, প্রতি বছরের মতো এবারও সিটি করপোরেশন থেকে একটি মূল্য তালিকা দেওয়া হবে। এ ছাড়া সেটি ঠিকমতো মানা হচ্ছে কি না তা তদারকি করা হবে বলে জানান তিনি।