রোজা সামনে রেখে ২০ জাহাজ পণ্য আমদানি
রমজান মাস সামনে রেখে চট্টগ্রাম বন্দরে এখন ১২টি জাহাজ থেকে পুরোদমে পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্যতেল, মটর ও মসুর ডাল, অপরিশোধিত চিনি ও গম খালাসের কাজ চলছে। চলতি মাসে এ ধরনের পণ্যবোঝাই আরও আটটি জাহাজ আসছে।বন্দর ও আমদানিকারকদের সূত্রে জানা গেছে, সব মিলিয়ে রোজা উপলক্ষে প্রায় আড়াই হাজার কোটি টাকা মূল্যের চার লাখ ৮৩ হাজার টন পণ্য আমদানি হচ্ছে। এর মধ্যে এক লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল, দেড় লাখ টন অপরিশোধিত চিনি, ২৫ হাজার টন মটর ডাল, এক লাখ ৮৫ হাজার টন গম ও মসুর ডাল। রোজা শুরু হওয়ার আগেই এসব পণ্য প্রক্রিয়াজাত করে বাজারে ছাড়া হবে। বন্দর পরিচালনা পর্ষদের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহাজাহান প্রথম আলোকে বলেন, রোজার পণ্য দ্রুত খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিবারের মতো এবারও ভোজ্যতেল খালাসে বিকল্প হিসেবে টিএসপি জেটিতে খালাসের ব্যবস্থা রাখা হয়েছে।জাহাজ কোম্পানিগুলোর সূত্রে জানা যায়, এসব পণ্য আমদানিকারকের তালিকায় আছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, এস আলম গ্রুপ, আবদুল মোনেম সুগার রিফাইনারি প্রভৃতি শিল্পগোষ্ঠী।জানতে চাইলে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, এ মাসে অনেক জাহাজ এসেছে, আরও আসছে। এতে রোজার পণ্যের সংকট হবে না।আলোচ্য ২০ জাহাজের আগে এই মাসে আরও পণ্য আমদানি হয়েছে। ফলে চলতি মাসে ভোজ্যতেল আমদানির মোট পরিমাণ দাঁড়াবে দুই লাখ ১৭ হাজার ৩৯৬ টন। এর মধ্যে সয়াবিন প্রায় ৮৮ লাখ টন। ইতিমধ্যে এক লাখ ২৫ হাজার টন পণ্য খালাস হয়েছে। বাকি এক লাখ টন খালাস হচ্ছে। এ ছাড়া মোট চিনি আমদানির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ২৪ হাজার টন। এর মধ্যে এক লাখ টনের বেশি খালাস করে কারখানায় নেওয়া হয়েছে।ব্যবসায়ীরা জানান, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমদানীকৃত পণ্য বাজারজাত করা হয়। এর মধ্যে পাইপলাইনের সাহায্যে জাহাজ থেকে ভোজ্যতেল খালাস করে কাস্টম হাউস নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হয়। পরিশোধন কারখানার মালিকেরা শুল্ক-কর পরিশোধ করে এসব ট্যাংক-টার্মিনাল থেকে ভোজ্যতেল খালাস করেন। এরপর কারখানায় শোধন করে বাজারজাত করা হয়। একইভাবে অপরিশোধিত চিনিবাহী জাহাজ থেকে খালাস করে কারখানায় নেওয়া হয়। সেখানে তা পরিশোধন করে বাজারজাত করা হয়। অন্যান্য পণ্য বন্দর থেকে খালাস করে সরাসরি বাজারজাত করা হয়।