পবিত্র রমজান মাস যতই ঘনিয়ে আসছে বগুড়ার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ততই বাড়ছে।এ অবস্থায় জেলা প্রশাসনের এক সভায় রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও ভেজালমুক্ত খাবার বিক্রির ওপর কড়া নজরদারি করা হবে বলে জানানো হয়েছে।এদিকে বগুড়া চেম্বার অব কমার্সও রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে।বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক সপ্তাহে দফায় দফায় চাল, ডাল, তেল, আটা, ময়দা, আদা, রসুন, ছোলা, চিনি প্রভৃতি পণ্যের দাম কেজিপ্রতি তিন থেকে চার টাকা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বিভিন্ন ধরনের মসলাপাতির দামও। ক্রেতারা অভিযোগ করে বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে পণ্য সরবরাহের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। তারপরও রমজান মাস উপলক্ষে বগুড়ার একশ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে বলে অভিযোগ উঠেছে।চলতি বোরো মৌসুমে বগুড়া জেলায় ধানের ফলন বেশ ভালো হয়েছে এবং মিলারদের কাছেও বিপুল পরিমাণ চালের মজুদ রয়েছে। তা সত্ত্বেও চালের বাজার অস্থিতিশীল রয়েছে। এক সপ্তাহ আগে যে চাল ৩০-৩১ টাকা বিক্রি হয়েছে এখন তা ৩২ টাকা থেকে ৩৩ টাকা বিক্রি হচ্ছে।বাজারে এখন ৭৬ টাকার প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। ৭০ টাকা দামের খেজুর এরই মধ্যে ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে।শহরের রাজাবাজারের খুচরা বিক্রেতা আবু হোসেন বলেন, পাইকারি বাজারে দাম বাড়ানোর কারণে তাদেরও দাম বাড়াতে হয়।এদিকে গত রোববার বগুড়া চেম্বারের সহসভাপতি মতিয়ার রহমান পাইকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বাজার নিয়ন্ত্রণে চেম্বার ও বিভিন্ন মার্কেট সমিতির নেতাদের নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি বিভিন্ন মার্কেট পরিদর্শন করবে।ওই সভায় ব্যবসায়ীদের ভেজাল খাদ্র্যদ্রব্য বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত চলবে। এতে ধরা পড়লে তাদের জরিমানা করাসহ দণ্ড প্রদান ও দোকান বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খানের সভাপতিত্বে গত রোববার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সব উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বলা হয়, দ্রব্যমূল্য সহনীয় রাখতে ও ভেজাল খাদ্যদ্রব্যের কেনাবেচা রুখতে প্রশাসনের কড়া নজরদারি চালানো হবে।