রোববার থেকে পুনর্নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম কার্ড
সিম কার্ড

দেশে মুঠোফোনের সিম কার্ড পুনর্নিবন্ধন কার্যক্রম আগামী রোববার শুরু হচ্ছে। ওই দিনই জানানো হবে নিবন্ধনের কর্মপদ্ধতি। এ কার্যক্রম তিন মাস চলবে।
সচিবালয়ে গতকাল বুধবার টেলিযোগাযোগ সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড কোম্পানির (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দীন আহমেদ চৌধুরী, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সব গ্রাহককেই সিম কার্ড নিবন্ধনের আওতায় আসতে হবে। তবে যাঁরা আগেই বৈধভাবে নিবন্ধন করেছেন, তাঁদের ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এটিও পুনর্নিবন্ধনের অংশ। এ ক্ষেত্রে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্য দিয়ে নিবন্ধনের যথার্থতা নিশ্চিত করতে হবে।
তারানা হালিম আরও বলেন, যাঁরা আগে নিবন্ধন করেছেন, তাঁদের কিছুটা কষ্ট স্বীকার করতে হবে পুনর্নিবন্ধনে। সিম কার্ড ব্যবহারের মাধ্যমে অপরাধ বন্ধ করা এবং নিরাপত্তার স্বার্থে সবাইকে একটু কষ্ট স্বীকার করতে হবে।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, সিম কার্ড নিবন্ধন নিয়ে অনেক রকমের তথ্যবিভ্রাট আছে। এ কারণেই সব নিবন্ধনের আবার যাচাই প্রয়োজন। সঠিকভাবে সিম নিবন্ধন হয়েছে কি না, তা অনলাইনের মাধ্যমে যাচাইয়ের পক্ষে মত দেন তিনি।
অনুষ্ঠানে দেশের টেলিযোগাযোগ খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন টিআরএনবির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।