হয়রানি বন্ধে সোনা নীতিমালার বিষয়ে কঠোর অবস্থানে জুয়েলার্স সমিতি
রোববার থেকে সারা দেশে সোনার দোকান বন্ধ

শনিবারের মধ্যে সোনা নীতিমালার বিষয়ে সুস্পষ্ট ঘোষণা ও কমিটি গঠন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। অন্যথায় রোববার থেকে সারা দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুমকি দিয়েছেন সমিতির নেতারা।
একই সঙ্গে জুয়েলার্স সমিতির নেতারা সোনা নীতিমালা না হওয়া পর্যন্ত জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি না করা এবং সরকারের কর্মকর্তাদের জুয়েলারি ব্যবসা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো বক্তব্য না দেওয়ার দাবি জানান। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপন জুয়েলার্সের জব্দ করা সোনা ও হীরার অলংকার ফেরত এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের পদত্যাগ দাবি করেছেন তাঁরা।
সম্প্রতি আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্রে শুল্ক গোয়েন্দাদের অভিযান এবং পরে ৫৬৭ কেজি সোনার অলংকার ও ৭ হাজার ৬৩৯ পিস হীরার অলংকার জব্দের ঘটনার পরিপ্রেক্ষিতে জুয়েলার্স সমিতির বর্তমান ও সাবেক নেতারা জরুরি বৈঠক করেন। ঢাকার বায়তুল মোকাররম মার্কেটে নিজেদের কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি গঙ্গা চরণ মালাকার, সহসভাপতি এনামুল হক খান, সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম প্রমুখ। বৈঠকে দাবি আদায়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
বৈঠক শেষে সমিতির সহসভাপতি এনামুল হক খান বলেন, ‘বনানীর দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সকে যেভাবে অত্যাচার করা হয়েছে, এটিকে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে তুলনা করছি এবং নিন্দা জানাচ্ছি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রতিদিন সকালে জুয়েলার্সের বিরুদ্ধে একটি করে বিবৃতি দেন। এ জন্য জুয়েলারি দোকানে অর্ডার নেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। গ্রাহকদের ধারণা, মইনুল সাহেব যেকোনো সময় দেশের সব জুয়েলার্স বন্ধ করে দেবেন। সে জন্য আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’
আপন জুয়েলার্সের সোনা ও হীরার অলংকার বেআইনিভাবে জব্দ করা হয়েছে দাবি করে এনামুল হক খান বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে আপন জুয়েলার্সের সোনা জব্দ করা হয়েছে। এটা কি একটা মগের মুলুক যে, ৪০ হাজার ভরি সোনা নিয়ে একজন মানুষ হাওয়ার ওপর বসে থাকবেন। এটি হতে পারে? আমরা কাগজপত্র জমা দিয়েছি কিন্তু তিনি মানেননি।’ একপর্যায়ে তিনি মইনুল খানের পদত্যাগ দাবি করেন।
সমিতির এই সহসভাপতি বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে বলছি, আপন জুয়েলার্সে যেভাবে সোনা এসেছে আমার দোকানে একইভাবে সোনা এসেছে। সারা বাংলাদেশের সব জুয়েলার্সে একইভাবে ব্যবসা হয়। এখন কী করবেন? অভিযান চালাবেন? কিন্তু আমরা অভিযান চালাতে দেব না।’ তিনি বলেন, দেশে লাখ লাখ টন সোনা মজুত আছে। জমিজমার মতো সোনাও প্রতিদিন হাতবদল হয়। তাই ব্যবসায়ীদের কাছে সোনা থাকলেই তাঁদের ধরতে হবে?
জুয়েলার্স সমিতির এসব অভিযোগ সম্পর্কে জানতে প্রথম আলোর পক্ষ থেকে গত রাতে মইনুল খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে সমিতির সহসভাপতি এনামুল হক খান বলেন, ‘রোববার থেকে দেশের সমস্ত জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। যত দিন পর্যন্ত আমাদের সোনা নীতিমালা না হবে এবং যত দিন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারব, তত দিন আমরা এ দেশে জুয়েলারি ব্যবসা করব না।’
অবশ্য সাড়ে তিন ঘণ্টা পর সমিতি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বলেছে, শনিবারের মধ্যে সোনা নীতিমালার বিষয়ে সুস্পষ্ট ঘোষণা ও কমিটি গঠন করা না হলে রোববার থেকে সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া দাবি আদায়ে সোমবার অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং বৃহস্পতিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে সমিতি।
একই সঙ্গে জুয়েলার্স সমিতি সোনার অলংকারে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে। এ বিষয়ে এনামুল হক খান বলেন, ‘হাজার হাজার গ্রাহক পাশের দেশে (ভারত) সোনা কিনতে চলে যাচ্ছেন। আমাদের এখানে ১৫ শতাংশ ভ্যাট আর পাশের দেশে মাত্র ১ শতাংশ। ফলে এক ভরি সোনাতে ১২ হাজার টাকা তফাত। এ দেশের মানুষ এত বোকা না যে, দেশপ্রেমের কারণে ১২ হাজার টাকা বেশি দিয়ে এখান থেকে সোনা কিনবে।’