রোববারের মধ্যে পোশাকশ্রমিকের বেতন দাবি
আগামী রোববারের মধ্যে তৈরি পোশাকশ্রমিক ও দোকান কর্মচারীদের ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই দাবি জানান তাঁরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।
সভাপতি আমিরুল হক বলেন, ‘প্রতি ঈদেই হাতে গোনা কিছু পোশাক কারখানা মালিক শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে নানা রকম টালবাহানা এবং ছলচাতুরীর আশ্রয় নেন। ফলে শ্রমিকেরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন এবং মানবেতর জীবন যাপন করেন। তাই এবার শ্রমিকেরা যেন ঈদের আগে বেতন-ভাতা পান, সেটি নিশ্চিত করতে সরকার, বিজিএমইএ ও আইন প্রয়োগকারী সংস্থাকে সজাগ থাকার অনুরোধ করছি আমরা।’
রোজার শুরুর দিকে তৈরি পোশাকশিল্পের ক্রাইসিস ম্যানেজমেন্ট-বিষয়ক কোর কমিটির ৩৩তম সভা শেষে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের উৎসব ভাতা দেবেন বিজিএমইএর সদস্যরা। শ্রমিকেরা যাতে এই সময়ের মধ্যে ভাতা পান, সেটি নিশ্চিতে তদারকি করার কথা বলেছিলেন তিনি।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে আমিরুল হক বলেন, ‘ঈদ বোনাস ও বেতন পরিশোধে তেমন অগ্রগতি নেই। গত মাসের বেতন পরিশোধ করে ঈদ বোনাস ও চলতি মাসের বেতনের হিসাব করতে কিছুটা বাড়তি সময় চেয়েছেন অনেক পোশাক কারখানা মালিক। তাই আমরা ২২ রমজান বা রোববারের মধ্যে বেতন-ভাতা পরিশোধের দাবি করেছি।’
এখন পর্যন্ত কত শতাংশ কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে, তা জানতে চাইলে আমিরুল হক বলেন, ‘আজকে কিছু কারখানা বোনাস দিচ্ছে। আজকের হিসাব ধরলে ২৫-৩০ শতাংশের বেশি হবে না।’
আমিরুল হক আরও বলেন, সারা দেশে সাধারণ দোকান, শপিং মল, চেইন শপ, ডিপার্টমেন্টাল স্টোর, রিটেইল শপ, পাইকারি, ইলেকট্রিক, সেলুন, বিউটি পারলার ও ওষুধ দোকানে প্রায় ৬০ লাখ কর্মচারী আছেন। ঈদের আগে তাঁরা দৈনিক কর্মঘণ্টার বাইরেও অতিরিক্ত কাজ করেন। এই কর্মচারীদের একটি অংশ পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন না। ঈদের আগে পরিবারের সদস্যদের নতুন জামাকাপড় দিতে পারেন না। তাই রোজার মাঝামাঝি সময়ে তাঁদের বেতন-ভাতা দিলে কিছুটা হলে উপকৃত হবেন তাঁরা।
শ্রম বিধিমালা অনুযায়ী পোশাকশ্রমিক ও দোকান কর্মচারীদের এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ঈদ বোনাস হিসেবে দেওয়ার দাবি জানান আমিরুল হক।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, ইউনি বাংলাদেশ কাউন্সিলের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিকনেতা আরিফা আক্তার, সাফিয়া পারভীন, এম এ গনি প্রমুখ।