রয়্যাল ক্যাপিটালের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ
অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন: এসইসির উপপরিচালক মো. হোসেন খান ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম। তাঁদের আগামী তিন কার্যদিবসের মধ্যে এসইসিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, আজ রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের তালিকাভুক্ত সিকিউরিটিজে অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হওয়ায় এই কমিটি গঠন করা হয়।এ ব্যাপারে রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের মহাব্যবস্থাপক শঙ্কর চন্দ্র দাস বলেন, ‘আমাদের প্রচুর গ্রাহক রয়েছেন। আজ অনেকে শেয়ার বিক্রি করেছেন। এ কারণে বিক্রয়চাপ বেশি ছিল।’ এসইসি ও ডিএসইর লোকজন তদন্ত করতে রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের অফিসে গিয়েছিলেন বলে জানান তিনি।