লংকাবাংলা ফাইন্যান্সের বার্ষিক ও প্রান্তিক মুনাফায় প্রবৃদ্ধি
এক বছরের ব্যবধানে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ১৪.৩৫ শতাংশ। ২০১৯ হিসাব বছরে কর-পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৫০ কোটি ৮২ লাখ টাকা, যা এর আগের ২০১৮ হিসাব বছরে ছিল ৪৪ কোটি ৪৪ লাখ টাকা। আর এককভাবে ২০১৯ হিসাব বছরে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৭৩ কোটি ৬০ লাখ টাকা, যা এর আগের বছরে ছিল ৭১ কোটি ৪২ লাখ টাকা।
২০১৯ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ১৫% বৃদ্ধি হয়ে ৯৮ পয়সা হয়েছে যা এর আগের বছরে ছিল ৮৫ পয়সা। লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। লংকাবাংলা ফাইন্যান্স এ বছরের ৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।
এ ছাড়া সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স চলতি ২০২০ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লংকাবাংলা ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত মুনাফা ২৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৬ কোটি ৮৭ লাখ টাকা হয়েছে, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৫ কোটি ৫২ লাখ টাকা। বিজ্ঞপ্তি