লংকাবাংলা সিকিউরিটিজ বাজারে শেয়ার ছাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে প্রথম ব্রোকারেজ প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়ার ঘোষণা দিল লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। মূল্য নির্ধারণের ক্ষেত্রে বুকবিল্ডিং পদ্ধতি কাজে লাগিয়ে শেয়ার ছাড়বে প্রতিষ্ঠানটি। এ পদ্ধতিতে শেয়ার ছাড়তে চাওয়া কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা দ্বিতীয়। এর আগে আর এ কে সিরামিকস লিমিটেড বুকবিল্ডিং পদ্ধতি কাজে লাগিয়ে বাজারে প্রাথমিক শেয়ার ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে। লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাজারে এ মুহূর্তে ভালো শেয়ারের যথেষ্ট চাহিদা রয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ তালিকাভুক্তির ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন পেলে সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’তিনি বলেন, বাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে যে টাকা পাওয়া যাবে তা প্রতিষ্ঠানের ব্যবসা বহুমুখীকরণের কাজে লাগানো হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি ব্রোকারেজ ব্যবসার পাশাপাশি দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগের দিকে যাবে। এর অংশ হিসেবে সমমূলধন (ইক্যুইটি) বিনিয়োগ ও ঋণপত্রে বিনিয়োগের কথা ভাবা হচ্ছে বলে জানান নাসির উদ্দিন চৌধুরী। কোম্পানি সূত্র জানায়, লংকাবাংলা সিকিউরিটিজ বাজারে মোট তিন কোটি শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্য হিসেবে যার প্রাথমিক মূল্য দাঁড়াবে ৩০ কোটি টাকা। তবে প্রস্তাবিত মূল্য কত হবে তা ঠিক হবে বুকবিল্ডিং প্রক্রিয়া শুরু হওয়ার পর। তাই চূড়ান্ত অর্থে কোম্পানিটি কত টাকা বাজার থেকে সংগ্রহ করছে, সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সূত্র আরও জানায়, গত বছরের শেষে লংকাবাংলা সিকিউরিটিজের পরিশোধিত মূলধন ছিল ২৫ কোটি টাকার মতো। কিন্তু এ বছর ৬৩ দশমিক ৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ মোট ১০৪ দশমিক ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করায় পরিশোধিত মূলধন বেড়ে হয় ৫০ কোটি টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ সদ্য সমাপ্ত আর্থিক বছরে ৬৫ কোটি টাকা মুনাফা করেছে। এ হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়ায় ১৩ টাকার মতো (পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা হিসেবে)। তবে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি এখনো চূড়ান্ত হয়নি। কোম্পানি সূত্র বলছে, দুই স্টক এক্সচেঞ্জের সদস্য পদের আর্থিক মূল্যায়ন করার পর এ বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে। উল্লেখ, লংকাবাংলা সিকিউরিটিজের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।