লক্ষ্মীপুরে সয়াবিন চাষিদের ঋণ দিল এনসিসি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সয়াবিনচাষিদের মধ্যে কৃষিঋণ বিতরণ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার এ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। লক্ষ্মীপুর জেলা শহরের একটি মিলনায়তনে আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী। এতে স্বাগত বক্তব্য দেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল কাশেম, গ্রামীণ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক খোন্দকার মোজাম্মেল হক, এনসিসি ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম সরকার, জনতা ব্যাংকের পরিচালক সাবেক সাংসদ এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন এবং সয়াবিনচাষি মুসলিম চৌধুরী ও শাহ আলম। এ ছাড়া বিশিষ্ট শিল্পপতি আনোয়ার মির্জা ও গাজী কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ড. আতিউর রহমান বলেন, কৃষকেরা যাতে হয়রানির শিকার না হন, সে জন্য প্রকাশ্যে ঋণ দিতে সব ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ধনিকশ্রেণী ব্যাংক থেকে টাকা নিলে আর দেয় না। তারাই অনিষ্টের মূল। কৃষকেরা ব্যাংক থেকে ঋণ নেবেন এবং সময়মতো পরিশোধ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মোহাম্মদ নূরুল আমিন জানান, লক্ষ্মীপুরের সয়াবিনচাষিদের জন্য এনসিসি ব্যাংক চলতি ২০০৯-১০ অর্থবছরে মোট এক কোটি টাকার ঋণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। বিভিন্ন কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ক্ষেত্রেও ঋণ দেওয়া হবে।