লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি হবে না: সিপিডি
চলতি ২০১২-১৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ থেকে ৬ দশমিক ৪ শতাংশের মধ্যে থাকবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।সংস্থাটি বলছে, সরকার প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা (৭ দশমিক ২০ শতাংশ) ঠিক করেছিল, তা অর্জন করতে যে পরিমাণ মূলধনি যন্ত্রপাতির প্রয়োজন, আমদানি হয়েছে তার চেয়ে অনেক কম। আবার বেসরকারি খাতের বিনিয়োগও চোখে পড়ার মতো কমেছে। তাই মনে হচ্ছে, অর্থনীতির বর্তমান স্থিতিশীলতা ধরে রাখতে সরকার প্রবৃদ্ধির সঙ্গে সমঝোতা করছে।চলতি অর্থবছরের প্রথমার্ধের সামষ্টিক অর্থনীতি-পরিস্থিতি পর্যালোচনা করে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে সিপিডি। এই পর্যালোচনা প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে গতকাল শনিবার ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় সংস্থাটির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির গবেষণা-প্রধান ফাহমিদা খাতুন, জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, তৌহিদুল ইসলাম খান, সংলাপ বিভাগের প্রধান আনিসাতুল ফাতেমা ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আপাতদৃষ্টিতে দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল মনে হলেও এতে বেশ কিছু ঝুঁকি বিদ্যমান। বড় ধাক্কা আসতে পারে অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে। বহিঃস্থ খাতেও সমস্যা তৈরি হতে পারে। আবার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতাও দেখা দিতে পারে। তিনি বলেন, প্রাক্কলিত প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যক্তি খাতের বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। এ বিনিয়োগ ১৯ দশমিক ৫ শতাংশ থেকে ১৯ দশমিক ১ শতাংশে নেমে এসেছে।রাজস্ব আদায় কম হবে: মোস্তাফিজুর রহমান বলেন, চার বছর ধরেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এনবিআরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ১ শতাংশ। কিন্তু লক্ষ্যমাত্রা ছিল ১৮ দশমিক ৯ শতাংশ। এনবিআরকে যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় তাহলে বাকি সাত মাসে ২০ থেকে ২২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। সেদিক থেকে এ বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা এনবিআরের জন্য দুরূহ হবে। এ অবস্থায় এনবিআরকে আরও আট হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের অসম্ভব লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার।অন্যদিকে, রাজস্ব ব্যয় আবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হচ্ছে। পাঁচ মাসে রাজস্ব ব্যয়ের লক্ষ্যমাত্রা যেখানে ছিল ১৩ শতাংশ, সেখানে ব্যয় হয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ হারে। এর বড় অংশই (১০ দশমিক ৪ শতাংশ) অবশ্য গেছে ঋণের সুদ পরিশোধে।সরকারের ব্যাংক ঋণ: সরকারি হিসাবে, এ অর্থবছরে রাজস্ব ঘাটতি হবে ৪৬ হাজার ২৪ কোটি টাকা। ১২ হাজার ৫৪০ কোটি টাকার বিদেশি ঋণ নেওয়া, জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে সাত হাজার ৪০০ কোটি টাকা, ব্যাংক থেকে ২৩ হাজার কোটি টাকা ঋণ এবং অন্যান্য খাত থেকে তিন হাজার ৮৪ কোটি টাকা নিয়ে এই ঘাটতি মেটানো হবে।সিপিডির পর্যবেক্ষণ হচ্ছে, সরকার ছয় হাজার ৯৫০ কোটির টাকার বিদেশি ঋণ পাবে, সঞ্চয়পত্র থেকে আসবে দুই হাজার কোটি টাকা। আর অন্য উৎস থেকে পাওয়া অর্থ বাজেটের লক্ষ্যমাত্রার সমান ধরা হলেও ব্যাংক খাত থেকে ঋণের পরিমাণ দাঁড়াবে ৩৩ হাজার ৫৪ কোটি টাকা।মোস্তাফিজুর রহমান বলেন, ‘এত বিশাল পরিমাণ ঋণ যদি সরকার ব্যাংক থেকে নেয় তাহলে ব্যক্তি খাতের বিনিয়োগ আরও কমে যেতে পারে। সরকার যদি প্রাক্কলিত সীমার চেয়ে ব্যাংক থেকে বেশি ঋণ নেয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক কী ভূমিকা নেবে সেটাও গুরুত্বপূর্ণ।’আর্থিক খাতের দুর্বলতা: মোস্তাফিজুর রহমান বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে আর্থিক খাতের ব্যবস্থাপনায় দুর্বলতা কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। তিনি বলেন, দেশে এখন মূল্যস্ফীতি পড়তির দিকে। এ অবস্থায় সঞ্চয় ও বিনিয়োগের সুদের হারে বড় পার্থক্য থাকলে ব্যক্তি খাতের বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। সুদের হার প্রতিযোগিতামূলক কি না সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে নজর রাখতে হবে।আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় ঝুঁকি ব্যবস্থাপনা নীতি বাস্তবায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার করা, আর্থিক খাতের জন্য একটি কমিশন করাসহ বেশ কিছু সুপারিশ করেন মোস্তাফিজুর রহমান।মূল্যস্ফীতি: সিপিডি বলছে, চালের দাম কম হওয়ায় খাদ্যের মূল্যস্ফীতি অনেক কমে গেছে। তবে আশঙ্কার বিষয় হলো, খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি অনেক বেড়েছে।মোস্তাফিজুর রহমান বলেন, ৪০ শতাংশ মূল্যস্ফীতি হয় খাদ্যবহির্ভূত পণ্য থেকে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া বাড়ানোসহ কয়েকটি কারণে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।লেনদেনের ভারসাম্য: সিপিডি বলছে, একদিকে প্রবাসী-আয় বাড়ছে, অন্যদিকে আমদানির ওপর চাপ কমছে। আমদানি হ্রাস সব সময় অর্থনীতির জন্য ভালো নয় উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, পাঁচ মাসে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ১৩ শতাংশ। ঋণপত্রও কম খোলা হয়েছে। সামগ্রিক উৎপাদনকাজে এটি নেতিবাচক প্রভাব ফেলবে। এ ক্ষেত্রে এখনই সাবধান হওয়া প্রয়োজন।মোস্তাফিজ আরও বলেন, গত বছর ভিয়েতনামে ৭০০ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। আর বাংলাদেশে এসেছে মাত্র ১০০ কোটি ডলারের।