লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪১৫ কোটি টাকা রাজস্ব আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব কটি বিভাগীয় শহরে অনুষ্ঠানরত ছয় দিনব্যাপী আয়কর মেলা শেষ হয়েছে। এবারের আয়কর মেলায় মোট ৪১৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। মেলা থেকে এবার ৩০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।বিএনপির ডাকে গতকাল বৃহস্পতিবার সকাল-বিকেল হরতাল থাকলেও আয়কর মেলায় এর কোনো প্রভাব পড়েনি। বিপুলসংখ্যক আয়করদাতা ও দর্শনার্থী ভিড় করেন গতকাল মেলা প্রাঙ্গণে। অনেকেই শেষ মুহূর্তে কর দিতে না পারায় মেলার সময়সীমা বাড়ানোরও দাবি জানান।এনবিআরের এক কর্মকর্তা জানান, হরতালের মধ্যেই গতকাল সকালে মেলা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগ থেকেই লাইনে দাঁড়ান করদাতারা। এমনকি সন্ধ্যা সাড়ে ছয়টায় মেলা শেষ হওয়ার সময়সীমার পরও করদাতাদের ঘণ্টা খানেক সেবা দেওয়া হয়।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত ছয় দিনে সারা দেশে মোট ১০ হাজার ৪১ জন নতুনভাবে আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন। বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন ৬২ হাজার ২৭২ জন করদাতা। এতে রাজস্ব আদায় হয়েছে ৪১৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার টাকা। এ ছাড়া প্রায় ৭৫ হাজার করদাতা আয়কর মেলার ‘হেল্প ডেস্ক’ থেকে আয়করের বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছেন।রাজধানীসহ সাত বিভাগীয় শহরে গতকাল তিন হাজার ৮৮৫ জন নতুন টিআইএন নিয়েছেন। বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন ২৪ হাজার ৫০৫ জন করদাতা। আর রাজস্ব আয় হয়েছে ২৪ কোটি ১১ লাখ টাকা। ছয় দিনের করমেলা শেষে গতকাল সন্ধ্যা সাতটায় বেইলি রোডের অফিসার্স ক্লাবের মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর। সম্মেলনে মেলা উদ্যাপন কমিটির সভাপতি এম এ কাদের সরকার বলেন, আয়কর বৃদ্ধিতে সচেতনতা, কর প্রদানে উদ্বুদ্ধকরণ, করদাতা ও গ্রহীতাদের মধ্যে দূরত্ব দূর করা এবং আয়কর সম্পর্কে ধারণা দেওয়াই এই মেলার উদ্দেশ্য ছিল। কাদের সরকার বলেন, এ বছর আয়কর মেলায় অর্জন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ৩০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয়েছে ৪১৫ কোটি টাকা। তিনি বলেন, ‘মানুষকে সচেতন করাসহ কর প্রদানে আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি। এ ছাড়া আমরা করবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।’ তিনি জানান, বিভাগীয় শহরের মতো পর্যায়ক্রমে প্রতিটি জেলা শহরে করমেলার আয়োজন করা হবে। কর অঞ্চলে ‘ওয়ান স্টপ’ সেবা চালু করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, তথ্যসচিব হেদায়েতউল্লাহ আল মামুন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান, শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, জাতীয় রাজস্ব বোর্ডের (কর প্রশাসন ও পরিচালনা) সদস্য মো. আমিনুল করিম। সুরাইয়া বেগম বলেন, করদাতাদের ভয়কে জয় করতে হবে। আগে একটা ভীতি ছিল। কিন্তু এনবিআরের সহজ পদ্ধতির কারণে করদাতারা কর প্রদানে আগ্রহী হচ্ছেন।হেদায়েতউল্লাহ আল মামুন বলেন, মেলায় আয়করবান্ধব পরিবেশ ছিল। এই পরিবেশ কর অফিসগুলোতে সৃষ্টি করতে পারলে বড় ধরনের সাফল্য আসবে। আবু আলম মো. শহিদ খান বলেন, জনবান্ধব আয়কর প্রশাসন তৈরি করতে পারলে ভবিষ্যতে আর বিদেশ থেকে সাহায্য নিতে হবে না। তিনি বলেন, ‘আমাদের টাকায়ই আমরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারব।’