লক্ষ্যমাত্রার চেয়ে প্রবাসী-আয় কমছে
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ বলেছে, প্রবাসী-আয় (রেমিট্যান্স) প্রবাহের লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত আয় কমছে। দিনের পর দিন এই দুইয়ের পার্থক্য বৃদ্ধি পাচ্ছে এবং সামনের বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে।সংস্থাটি তাদের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় এ কথা বলেছে। গত বৃহস্পতিবার সংবাদপত্রে তাদের হালনাগাদ পর্যালোচনার প্রতিবেদনটি পাঠানো হয়। উন্নয়ন অন্বেষণ বলেছে, ২০১০-১১ অর্থবছরে প্রবাসী-আয়ের সরকারি লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৪০০ কোটি মার্কিন ডলার, যেখানে প্রকৃত আয় এসেছে মাত্র এক হাজার ১৬৫ কোটি ডলার। প্রবাসী-আয়ের এ ধারা চলতে থাকলে ২০১৪-১৫ অর্থবছরে প্রকৃত আয় ও লক্ষ্যমাত্রার মধ্যে পার্থক্য দাঁড়াবে এক হাজার ৬০৯ কোটি ডলার এবং প্রবাসী-আয় প্রবৃদ্ধির হারে পার্থক্য দাঁড়াবে ১৬ দশমিক ৩৮ শতাংশ।সংস্থাটি বলেছে, ২০০৯-১০ অর্থবছরের পর থেকে জিডিপিতে প্রবাসী-আয়ের অবদান কমতে থাকে। এটি অব্যাহত থাকলে ২০১১-১২ অর্থবছর শেষে অবদান হবে মাত্র ৯ দশমিক ৯৮ শতাংশ, যা ২০০৯-১০ বছরে ছিল ১০ দশমিক ৯৫ শতাংশ। উন্নয়ন অন্বেষণ বলেছে, রপ্তানি আয় বাড়লেও রপ্তানি আয়ে প্রবাসী-আয়ের শতকরা হার কমছে। ২০০৯-১০ অর্থবছরে এ হার ৬৭ দশমিক ৮ শতাংশ থাকলেও ২০১০-১১ অর্থবছরে তা মাত্র ৫০ দশমিক ৮২ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে পূর্ববর্তী বছরের তুলনায় প্রবাসী-আয় ৯ দশমিক শূন্য ৪ শতাংশ বাড়লেও রিজার্ভ বেড়েছে মাত্র ১ দশমিক ৫০ শতাংশ।উন্নয়ন অন্বেষণ বলছে, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী-আয়ের তুলনায় বৈদেশিক সাহায্যের অবদান সামান্য। বর্তমান অবস্থা চলতে থাকলে ২০১৪-১৫ অর্থবছর নাগাদ প্রবাসী-আয়ের পরিমাণ হবে এক হাজার ৫৩০ কোটি ডলার, যেখানে নিট বৈদেশিক সাহায্য আসার সম্ভাবনা মাত্র এক হাজার ৬৬ ডলার।