লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কৃষিঋণ বিতরণ
গত ২০১২-১৩ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করেছে। এ সময় মোট ১৪ হাজার ৬৬৭ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এটি ছিল নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় চার শতাংশ বেশি। গত অর্থবছরে ১৪ হাজার ১৩০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর আগে ২০১১-১২ অর্থবছরে কৃষি খাতে ১৩ হাজার ১৩২ কোটি টাকা বিতরণ হয়েছিল। ওই বছর লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য কম ঋণ বিতরণ হয়। ওই বছরের লক্ষ্যমাত্রার ৯৫ দশমিক ১৬ শতাংশ পরিমাণ ঋণ বিতরণ হয়েছিল। যদিও কৃষি খাতে বিতরণ করা ঋণের সুদহার ও মান নিয়ে প্রশ্ন আছে। বলা হয়, বেশির ভাগ ক্ষেত্রেই আগের ঋণ আদায় দেখিয়ে নতুনভাবে বিতরণ দেখানো হয়। তার পরও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণকে ইতিবাচক মনে করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণে জন্য ব্যাংকগুলোকে গত কয়েক বছর ধরেই চাপের মধ্যে রেখেছে। এ কারণেই মূলত গত অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ঋণ বিতরণ হয়েছে। বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতি অর্থবছরের জন্য ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা ঋণ লক্ষ্যমাত্রা ধরে শিগগিরই কৃষিঋণ নীতিমালা ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলো জানাচ্ছে।কৃষিঋণ বিতরণ সম্পর্কিত প্রতিবেদনে দেখা গেছে, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো কৃষি খাতে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ঋণ বিতরণ করায় সামগ্রিক পরিস্থিতিতে উন্নতি হয়েছে। গত অর্থবছর রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এবং বিশেষায়িত বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আট হাজার ৬০৭ কোটি টাকার কৃষি ঋণ লক্ষ্যমাত্রার বিপরীতে আট হাজার ৩১৯ কোটি টাকা বিতরণ করেছে। এই পরিমাণ বছরের শুরুতে তাদের দেওয়া লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৬৫ শতাংশ। অন্যদিকে, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো পাঁচ হাজার ৫২৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ছয় হাজার ৩৪৯ কোটি টাকা। ব্যাংকগুলো তাদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার ১১৪ দশমিক ৯৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করেছে। সব মিলিয়ে মোট লক্ষ্যমাত্রার ১০৩ দশমিক ৮০ শতাংশ ঋণ বিতরণ হয়েছে। সামগ্রিকভাবে বেসরকারি ব্যাংকগুলো বেশি কৃষিঋণ বিতরণ করলেও কয়েকটি ব্যাংক তাদের লক্ষ্যমাত্রা পূরণ করেনি। অন্যদিকে বিদেশি মালিকানার ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান কৃষি খাতে কোনো ঋণই বিতরণ করেনি।এদিকে বিদায়ী অর্থবছরে ১৪ হাজার ৩৬২ কোটি টাকার ঋণ আদায় হয়েছে বলে জানা গেছে। এটিও আগের অর্থবছরের তুলনায় বেশি।