লক্ষ্যমাত্রার চেয়ে ১০৯৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টম হাউসে সদ্যসমাপ্ত ২০১০-১১ অর্থবছরে ২০ হাজার ৩৬৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। যা ১৯ হাজার ২৬৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৯৮ কোটি টাকা বা পাঁচ দশমিক ৭০ শতাংশ বেশি।এর আগের ২০০৯-১০ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৮০৩ কোটি টাকা। সেই হিসাবে সদ্যসমাপ্ত অর্থবছরে আগের বছরের তুলনায় তিন হাজার ৫৬০ কোটি টাকা বা ২১ দশমিক ১৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।কাস্টম হাউস সূত্রে জানা গেছে, বিদায়ী অর্থবছরে জ্বালানি তেল, ইলেকট্রনিকস সামগ্রী, সাধারণ পণ্যসামগ্রী, ভোজ্যতেল ও গাড়ি আমদানি থেকে বড় অংকের রাজস্ব আদায় হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের ইতিহাসে লক্ষ্যমাত্রার চেয়ে এত বেশি রাজস্ব আর কখনোই আদায় হয়নি। এ প্রসঙ্গে কাস্টম হাউসের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া গত শনিবার প্রথম আলোকে বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং কাস্টম হাউসের সবার ‘টিম ওয়ার্কের’ ফলে রাজস্ব আদায়ে এই সফলতা এসেছে। জানা গেছে, রাজস্ব ফাঁকি রোধে সদ্যসমাপ্ত অর্থবছরে কার্যক্রম জোরদার করে কর্তৃপক্ষ। এ ছাড়া বকেয়া রাজস্ব আদায়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শুল্ক মামলার সংখ্যা কমিয়ে আনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং তদারকি ব্যবস্থা যথাযথ হওয়ার ফলে রাজস্ব আদায়ে গতি এসেছে।চট্টগ্রাম কাস্টম হাউসে গত ১১ বছরে এ নিয়ে মাত্র পাঁচবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়।চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।