বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সদ্য বিদায়ী ২০১০-১১ অর্থবছরে পাঁচ হাজার ৯০০ কোটি ৯৯ লাখ টাকার ঋণ বিতরণ করেছে, যা আগের অর্থবছরের চেয়ে এক হাজার ৮১ কোটি ২৯ লাখ টাকা বেশি এবং আলোচ্য বছরের পাঁচ হাজার ২০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার ১১৩ শতাংশ।একই অর্থবছরে কৃষি ব্যাংক তিন হাজার ৪৪৪ কোটি ২৭ লাখ টাকার ঋণ আদায় করেছে, যা আলোচ্য সময়ের চার হাজার ১৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ অর্থাৎ ১৭ শতাংশ কম। তবে আগের অর্থবছরের চেয়ে ৩৪৯ কোটি ২৪ লাখ টাকা বেশি।এ ছাড়া আমদানি ব্যবসায় কৃষি ব্যাংক পাঁচ হাজার ৮৭৪ কোটি ২৬ লাখ টাকা আয় করেছে, যা তিন হাজার ৫০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে ১৬৭ শতাংশ। রপ্তানি ব্যবসায় বিকেবি দুই হাজার ৫৭৩ কোটি ৩২ লাখ টাকা আয় করেছে, যা দুই হাজার ৫০০ কোটি টাকার বার্ষিক লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ।আলোচ্য বছরে বিকেবির মাধ্যমে বিদেশ থেকে এক হাজার ৩৩৩ কোটি ২৯ লাখ টাকার রেমিট্যান্স বা প্রবাসী-আয় এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১২৭ কোটি ৩৬ লাখ টাকা বেশি। বিজ্ঞপ্তি।