লক্ষ্যমাত্রার বেশি উৎপাদনেও হাসি নেই লবণচাষির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে সরকার দেশে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ১৫ লাখ ২০ হাজার টন। উৎপাদিত হয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৮৭৭ টন। অর্থাৎ এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক লাখ ১৪ হাজার টন বেশি লবণ উৎপাদিত হয়েছে।বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বলছে, বাম্পার উৎপাদনে এ বছর দেশে ভোজ্য লবণের কোনো সংকটই হবে না।তবে বিপুল পরিমাণ উৎপাদনও লবণচাষিদের মুখে হাসি ফোটাতে পারেনি। কারণ, দেশের লবণ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এ লবণ তেমন কিনছে না। চাষির লবণ মাঠেই পড়ে আছে।বিসিকের তথ্য অনুযায়ী, মাঠে এখন প্রায় আট লাখ টন লবণ অবিক্রীত পড়ে আছে। এ বছর ৪৩ হাজার ৩৯০ জন চাষি লবণের চাষ করেছেন।বিসিক বলছে, কক্সবাজারে প্রতি মণ কালো লবণ (অপরিশোধিত) ৯০ টাকা, সাদা লবণ (ওয়াশ করা) ১১১ টাকা আর পলিথিন পদ্ধতিতে উৎপাদিত লবণ ১২৭ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে মাত্র দুই থেকে তিন টাকায়।অথচ, এক কেজি লবণ উৎপাদনে চাষির খরচ পড়েছে তিন থেকে চার টাকা। আর বাজারে এক কেজি ওজনের প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৮ টাকায়।টেকনাফ লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি মো. সফিক মিঞা প্রথম আলোকে বলেন, টেকনাফে লবণের মণ এখন ১২০ থেকে ১৫০ টাকা। লবণ আমদানির কারণেই এ অবস্থা। বড় বড় কোম্পানিগুলোও এখান থেকে লবণ কিনছে না। সরকার আমদানি বন্ধ না করলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে। তিনি জানান, এক মণ লবণে উৎপাদন খরচ পড়ে অন্তত ১২০ টাকা।লবণচাষিদের অনুরোধে ২০১১ সালে বাণিজ্য মন্ত্রণালয় মিলমালিকদের কেনার জন্য প্রতি বস্তা (৭৫ কেজি) লবণের মূল্য ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করেছিল।

উৎপাদনচিত্র: দেশে বর্তমানে ১৫ লাখ ছয় হাজার টন লবণের চাহিদা রয়েছে। বিষয়টি মাথায় রেখে চলতি ২০১২-১৩ মৌসুমে কক্সবাজার জেলার ৬৪ হাজার ১৫১ একর জমিতে ১৫ লাখ ২০ হাজার টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিক।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লবণের উৎপাদন হয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৮৭৭ টন। এর মধ্যে বেসরকারি পর্যায়ে উৎপাদিত হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৮৯২ টন। আর বিসিকের প্রদর্শনীকেন্দ্রগুলোতে লবণ উৎপাদন হয়েছে ৯৮৫ টন।

কক্সবাজারে বিসিকের লবণ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা এ টি এম ওয়ালী উল্লাহ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লবণের উৎপাদন ভালো হয়েছে। তবে মৌসুম শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে কয়েক দিনের বজ্রপাতসহ বৃষ্টিতে লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়। নইলে উৎপাদন আরও কিছু বাড়ত।

হতাশ চাষি: গত লবণ মৌসুমে ১৪ লাখ ৫০ হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয়েছিল ১১ লাখ ৬৮ হাজার টন। সে বছর দেশে ১৪ লাখ ৩৬ হাজার টন লবণের চাহিদা থাকায় পরবর্তী সময়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় লবণ আমদানি উন্মুক্ত করে দেয়। এ সুযোগে ভারত থেকে অবাধে অবিচূর্ণ (বোল্ডার) লবণ আমদানি হয়। সে সময় বিপুল পরিমাণে পরিশোধিত লবণও আমদানি হয়।

লবণ আমদানির এ সুযোগ দেওয়াই চাষিদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। লবণ মিলমালিকেরা দেশে উৎপাদিত লবণ কেনার চেয়ে আমদানি করে লবণ বাজারজাত করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, গত জুন থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত সাত লাখ ৩৪ হাজার ২৬০ টন লবণ আমদানি হয়েছে।

জানা গেছে, এই লবণই প্রক্রিয়াজাত করে এখন বাজারজাত করা হচ্ছে। সে কারণে মিলমালিকেরা উৎপাদিত লবণ কিনতে আগ্রহী হচ্ছেন না। এতে উৎপাদিত লবণের চাহিদা ও দাম দুটোই কমে গেছে।

লবণ বিক্রি করতে না পেরে হতাশ কক্সবাজারের কয়েকজন চাষি জানান, অনেকেই দাদন নিয়ে লবণ চাষ করেছেন। এখন লবণ বিক্রি করতে না পারলে তাঁরা ঋণের টাকা পরিশোধ করতে পারবেন কি না সে নিয়ে সন্দিহান।

ফেব্রুয়ারি মাসে বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক প্রতিবেদনে ট্যারিফ কমিশন জানিয়েছিল, পরিশোধিত লবণ আমদানিতে শুল্কহার অবিচূর্ণ লবণের ওপর আরোপিত শুল্কহারের চেয়ে কম বলে অনেক মিলমালিকই পরিশোধিত লবণ আমদানি করে তা প্যাকেটজাত করছেন। ভবিষ্যতে দেশে উৎপাদিত লবণের ঘাটতি দেখা দিলে শুধু অবিচূর্ণ লবণ আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করে সংস্থাটি।

[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন আব্দুল কুদ্দুস (কক্সবাজার)