
তৈরি পোশাকের রপ্তানি ২০২১ সালের মধ্যে পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার পথনকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল মঙ্গলবার বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নতুন সভাপতি সিদ্দিকুর রহমানের হাতে পথনকশাটি তুলে দেন বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম।
এ সময় আতিকুল ইসলাম বলেন, ‘২০২১ সালে আমাদের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীতে তৈরি পোশাকের রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চাই। সে জন্য একটি পথনকশা তৈরি করেছি। সেটি আজ আমরা নতুন কমিটির হাতে তুলে দিচ্ছি। আশা করছি, তারা এটিকে এগিয়ে নিয়ে যাবে।’ পরে তিনি প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রীর কাছে গতকালই পথনকশাটি পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বিকেলে বিজিএমইএর ভবনের নুরুল কাদের মিলনায়তনে সংগঠনের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সদ্য বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম। এ সময় সংগঠনের সাধারণ সদস্যদের পাশাপাশি বিদায়ী কমিটির নয়জন পরিচালক, সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, শহিদউল্লাহ আজিম, এস এম মান্নান ও রিয়াজ-বিন-মাহমুদ উপস্থিত ছিলেন। সভায় গত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী পাস ও চলতি বছরের বাজেট অনুমোদন হয়।
এজিএমের দ্বিতীয় পর্বে বিজিএমইএর প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলামিন আনুষ্ঠানিকভাবে ভোটবিহীন নির্বাচনে বিজয়ী সভাপতি, সাতজন সহসভাপতি ও ২৭ জন পরিচালকের নাম ঘোষণা করেন। তারপর নতুন সভাপতি সিদ্দিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন আতিকুল ইসলাম। নতুন এই কমিটি ২০১৫-১৬ মেয়াদে বিজিএমইএকে নেতৃত্ব দেবে। নতুন সাত সহসভাপতি হচ্ছেন মঈনউদ্দিন আহমেদ, ফারুক হাসান, এস এম মান্নান, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান, ফেরদৌস পারভেজ ও মো. ফেরদৌস।
স্বাগত বক্তব্যে সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পোশাক খাত ভালো থাকলে দেশ ভালো থাকবে। কারণ পণ্য রপ্তানির ৮৩ শতাংশই এই খাতটি থেকে আসে। এ ছাড়া খাতটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক কোটি মানুষ জড়িত। তিনি বলেন, আমরা চেষ্টা করব, দু-এক বছরের মধ্যে কর্মপরিবেশ উন্নয়নে কারখানা সংস্কার কাজ শেষে বাংলাদেশের পোশাকশিল্প বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এ সময় তিনি সাবেক ও বর্তমান নেতাদের পাশাপাশি সাধারণ সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন।
বিজিএমইএর নেতৃত্বপ্রত্যাশী দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতারা সমঝোতার ভিত্তিতে এবার সংগঠনের কমিটি করেছেন। দুই মেয়াদের জন্য এই সমঝোতা। সে জন্য এবার সম্মিলিত পরিষদ সভাপতি, চার সহসভাপতিসহ ১৪ পরিচালক এবং ফোরাম তিন সহসভাপতিসহ ১৩ পরিচালক পদ পেয়েছে। পরের মেয়াদে সভাপতিসহ অন্য পদগুলো দুই পক্ষের মধ্যে অদলবদল হবে। উভয় পক্ষের শীর্ষ নেতারা ৩৫ জন প্রার্থী বাছাই করে মনোনয়নপত্র জমা দেন। সে জন্য নির্বাচনের প্রয়োজন পড়েনি।