লঙ্কাবাংলা সিকিউরিটিজের জিরো কুপন বন্ডের সমাপ্তি ঘোষণা
লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের নন-কনভার্টিবল অরূপান্তরযোগ্য জিরো কুপন বন্ডের মেয়াদ শেষ হয়েছে।
ঢাকার একটি হোটেলে গত রোববার আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪৮ কোটি টাকার ইস্যু করা এই বন্ডের আর্থিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া প্রধান অতিথি ছিলেন ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান, সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার, লঙ্কাবাংলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এ মঈন, লঙ্কাবাংলা ফাইন্যান্সের এমডি মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী, ডিএমডি খাজা শাহরিয়ার, লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টের সিইও খন্দকার কায়েস হাসান উপস্থিত ছিলেন।
বিচারপতি সিদ্দিকুর রহমান লঙ্কাবাংলা সিকিউরিটিজের এই উদ্যোগের প্রশংসা করেন এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও পুঁজিবাজারে জিরো কুপন বন্ড আনার উদ্যোগ নিতে উৎসাহিত করেন। বিজ্ঞপ্তি।