লঞ্চ মালিক সমিতির লাইসেন্স বাতিল
লঞ্চ মালিক সমিতির বাণিজ্য সংগঠন নিবন্ধন (টিও লাইসেন্স) বাতিল করে দিয়েছে সরকার। বিধিবহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার এক প্রজ্ঞাপনে এই সমিতির লাইসেন্স বাতিল করে।
হাইকোর্টের ২০১১ সালের এক রায়ের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় গত ১ সেপ্টেম্বর এক চিঠিতে লঞ্চ মালিক সমিতির কাছে এর সর্বশেষ দ্বিবার্ষিক (২০১৩-১৪ সাল) নির্বাচনের তথ্য চায়। লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার জবাব দিতেও বলা হয়। সমিতি গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়কে জবাব দেয়, যা অসম্পূর্ণ ও অস্পষ্ট।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্বিবার্ষিক নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে নাকি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, সমিতির জবাবে তার উল্লেখ নেই।
লঞ্চ মালিক সমিতি সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচনের তথ্য বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল। ওই তথ্য বিশ্লেষণে বাণিজ্য মন্ত্রণালয় দেখেছে, তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান, ভোট গণনা ও ফলাফলের তারিখ ছিল ২০১৩ সালের ৮ এপ্রিল। কিন্তু নির্ধারিত তারিখের তিন দিন আগেই ৫ এপ্রিল নির্বাচিত সদস্যদের তালিকাসহ ফলাফল প্রকাশ করে সমিতি।
সার্বিক বিবেচনায় মন্ত্রণালয়ের কাছে সমিতির সর্বশেষ নির্বাচনটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালক (ডিটিও) আবদুল মান্নান।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৫-১৬ মেয়াদের নির্বাচনের তথ্য জানতে চেয়ে মন্ত্রণালয় ২০১৫ সালের ২৪ মার্চ চিঠি দিয়েছিল লঞ্চ মালিক সমিতিকে। সমিতি ওই চিঠির জবাব দেয় দেড় বছর পর গত ২৬ সেপ্টেম্বর।
যথানিয়মে নির্বাচন না করে দীর্ঘ বছর এটি একটি ‘পকেট সমিতি’ হয়ে গেছে বলে বাণিজ্য মন্ত্রণালয় পর্যবেক্ষণ করেছে। ত্রুটিপূর্ণ লঞ্চ চালানো এবং অতিরিক্ত ভাড়া ও টোল আদায়েরও অভিযোগ রয়েছে এ সমিতির বিরুদ্ধে।
সংগঠনটি যাতে টিও লাইসেন্সের ব্যানারে ও পরিচয়ে পরিচালিত হতে না পারে, সে জন্য ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য সংগঠন অধ্যাদেশ অনুযায়ী বিলুপ্ত ২১ সদস্যের লঞ্চ মালিক সমিতি ১৫ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করতে পারবে। শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
লঞ্চ মালিক সমিতির সভাপতি কে এম মাহমুদুর রহমানের সঙ্গে গত রাতে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন ধরেন সমিতির সদস্য আজাদ ইসলাম এবং তিনিই কথা বলবেন বলে জানান। তিনি বলেন, ‘আমরা কোনো প্রজ্ঞাপন পাইনি। তবে সমিতির বিধিবহির্ভূত কার্যকলাপের বিষয়ে মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ঠিক নয়। কেউ শত্রুতাবশত আমাদের বিরুদ্ধাচরণ করছে।’
যোগাযোগ করলে বাংলাদেশ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দীন (বীর বিক্রম) গতকাল বলেন, ‘এক যুগ ধরে লঞ্চ মালিক সমিতির কার্যকলাপ দেখছি। এর নিবন্ধন অনেক আগেই বাতিল হওয়া উচিত ছিল।’