লতিফুর রহমান পুনরায় আইসিসির নির্বাহী সদস্য হলেন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের (আইসিসিবি) সহসভাপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান প্যারিসভিত্তিক আইসিসির নির্বাহী পর্ষদের সদস্য পুনর্নির্বাচিত হয়েছেন। নাইরোবিতে সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির (ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স) ২০১৭ সালের ওয়ার্ল্ড কাউন্সিল সভায় তাঁকে দ্বিতীয় দফায় তিন বছরের জন্য (জুলাই ২০১৭-জুন ২০২০) নির্বাহী পর্ষদের সদস্য নির্বাচিত করা হয়।
লতিফুর রহমান দেশের বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি সাতবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এবং দুবার বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ছিলেন।
২০১২ সালে লতিফুর রহমান অসলো বিজনেস ফর পিস ফাউন্ডেশন কর্তৃক ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ পান এবং ২০০১ সালে বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স কর্তৃক ‘বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।
বর্তমানে লতিফুর রহমান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এবং ব্র্যাকের পরিচালনা পর্ষদের সদস্য। তিনি নেস্লে বাংলাদেশ ও হোলসিম সিমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন।
ট্রান্সকম গ্রুপ বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ করপোরেশন। চা-চাষের মাধ্যমে এই গ্রুপের যাত্রা শুরু হয়েছিল ১৮৮৫ সালে। ট্রান্সকম গ্রুপ পাবলিক ও প্রাইভেট কোম্পানির মাধ্যমে ১৪ হাজারের বেশি লোকের কর্মসংস্থান করেছে। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস, বেভারেজ, ইলেকট্রনিকস, মিডিয়া, ফুডস ও কনজ্যুমার প্রডাক্টস। বিজ্ঞপ্তি