লন্ডনে ই-বাণিজ্য মেলা, আয়োজন নিয়ে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব লন্ডনের ওয়াটারলিলি হলে আজ শুক্রবার থেকে দুদিনব্যাপী ইউকে-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা শুরু হয়েছে। বাংলাদেশে প্রযুক্তি খাতের উন্নয়ন এবং ইন্টারনেটের মাধ্যমে বিদেশি কোম্পানি ও প্রবাসী বাংলাদেশিরা কীভাবে সেবা পেতে পারেন তা প্রদর্শন করাই এই মেলার মূল লক্ষ্য। তবে মেলার আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রশ্ন উঠেছে এই মেলা আয়োজনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে।

আজ সকাল ৯টার দিকে শুরু হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান অতিথি তোফায়েল আহমেদ মেলার ভেন্যুর উপযুক্ততা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যে স্থানে মেলার আয়োজন করা হয়েছে, তার চাইতে আরও ভালো কোনো জায়গায় মেলার আয়োজন হওয়া উচিত ছিল।
মেলার অন্যতম স্পনসর এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিষ্ঠান ২৫ হাজার পাউন্ড (প্রায় ৩০ লাখ টাকা) দিয়ে এই মেলার স্পনসর হয়েছে। কিন্তু মেলার ভেন্যু এবং আয়োজন নিয়ে তিনি খুশি হতে পারেননি। তিনি বলেন, অন্তত লন্ডনের কোনো বাণিজ্যিক এলাকার ফাইভ স্টার হোটেলে এই আয়োজন হওয়া উচিত ছিল। এ ছাড়া মেলার প্রচার সম্পর্কে তিনি বলেন, যদিও মেলার মাত্র অর্ধদিন পার হয়েছে, কিন্তু মনে হয় না এই মেলা নিয়ে কোনো ভালো মানের প্রচার চালানো হয়েছে। মেলার এমন পরিস্থিতির বিষয়ে মন্ত্রীরা নিশ্চয়ই জানতেন না। মন্ত্রী তোফায়েল আহমেদের বক্তব্যে সেটার প্রমাণ পাওয়া গেছে।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) প্রেসিডেন্ট মাতাব চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ২৩ বছর ধরে তাদের সংগঠন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে। কিন্তু বাংলাদেশ সরকারের অর্থায়নে আয়োজিত এই মেলা সম্পর্কে তারা কিছুই জানেন না। তিনি বলেন, যেখানে মেলার আয়োজন করা হয়েছে সেটা একটা কমিউনিটি হল। এখানে বাংলাদেশকে তুলে ধরার মতো কোনো আয়োজন করা মোটেও শোভন হয় না। উপযুক্ত প্রচার না করে এবং সম্ভাব্য ভোক্তাদের যুক্ত না করে যেনতেনভাবে একটা মেলার আয়োজনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গত বছরও একইভাবে এই মেলার আয়োজন করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, হতে পারে আয়োজকেরা এই মেলাকে অর্থ বানানোর একটা প্রজেক্ট হিসেবে নিয়েছেন।
মেলায় সরেজমিন ঘুরে প্রকৃত দর্শনার্থীর উপস্থিতি তেমন চোখে পড়েনি। বেশির ভাগ স্টলই ছিল ফাঁকা। আয়োজকদের সঙ্গে সম্পৃক্ত কিংবা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে উৎসাহী ব্যক্তিদেরই কেবল মেলায় উপস্থিত হতে দেখা গেছে। তবে মেলার মূল আয়োজক কম্পিউটার জগতের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহেদ তমাল আয়োজন নিয়ে সন্তোষ¯প্রকাশ করে বলেন, লোকজনের উপস্থিতি গতবারের চাইতে ভালো।
এর আগে মেলা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল ওয়াহেদকে প্রশ্ন করা হয়, এই মেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে (জনগণের অর্থ) কত টাকা অর্থায়ন করা হচ্ছে? কিন্তু তিনি ওই প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। তবে সরকারি অর্থায়নের বিষয়ে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কনস্যুলার শরিফা খান প্রথম আলোকে বলেন, আর্থিক বিষয়ে হাইকমিশন কিছুই জানে না। এই মেলার জন্য তাদের হাত দিয়ে কোনো অর্থ খরচ হয়নি। তবে সরকারের কয়েকটি বিভাগ এই মেলায় অর্থায়ন করেছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, এটা লন্ডনে ই-বাণিজ্য মেলার দ্বিতীয় আয়োজন। গত বছর আয়োজিত মেলায় কোনো প্রকৃত দর্শনার্থী না থাকায় মেলা আয়োজনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে নানা সমালোচনা উঠে। বাংলাদেশ সরকার, আইসিটি ডিভিশন, হাইটেক পার্ক অথোরিটি, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহায়তায় প্রযুক্তিবিষয়ক মাসিক প্রকাশনা ‘কম্পিউটার জগৎ’ এই মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমদ, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের পার্লামেন্ট সদস্য পল স্কালি প্রমুখ।