লন্ডনে ই-বাণিজ্য মেলা সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, সিলেট ও চট্টগ্রামের পর এবার লন্ডনে হচ্ছে ই-বাণিজ্য মেলা। ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা ২০১৩’ শীর্ষক তিন দিনব্যাপী এই মেলাতে প্রায় ৫০টি স্টল থাকবে। লন্ডনের গ্লুচেস্টার মিলিনিয়াম হোটেলে আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর মেলাটি অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি মন্ত্রণালয়, লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও কম্পিউটার জগৎ যৌথভাবে এই ই-বাণিজ্য মেলার আয়োজন করছে। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুস হক ইনু। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বব্যাংকের হিসাবে এখন পৃথিবীর ১০০ কোটি মানুষ অনলাইনে কেনাকাটা করেন। এর মধ্যে এশিয়ার অঞ্চলেরই প্রায় ৫০ কোটি মানুষ। মেলার মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের উৎপাদিত প্রায় সব ধরনের পণ্য সম্পর্কে অনলাইনে বিস্তারিত জানতে পারবেন। নিজের কিংবা দেশের আত্মীয়স্বজনের জন্য সহজেই কেনাকাটা করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে ২৫০টি ই-বাণিজ্যের ওয়েবসাইট আছে।হাসানুল হক ইনু বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিপ্লবের সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়েছে। এটি ছাড়া বাংলাদেশ পৃথিবীর উন্নয়নের মহাসড়কে প্রবেশ করতে পারত না।’ তিনি বলেন, ই-বাণিজ্য মেলা ডিজিটাল বাংলাদেশের আংশিক উপস্থাপন হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা বলেন, ই-বাণিজ্যের জন্য সচেতনতা ও পেমেন্ট সিস্টেম শক্তিশালী করা প্রয়োজন। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আসাদ আলম সিয়াম, কম্পিউটার জগতের কারিগরি সম্পাদক মো. আবদুল ওয়াহেদ তমাল। আয়োজকেরা জানান, মেলায় স্টলসহ অংশগ্রহণের আনুষঙ্গিক খরচ ধরা হয়েছে দুই হাজার পাউন্ড। তবে নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আগ্রহীদের ২৫ জুলাইয়ের মধ্যে যোগাযোগ করতে হবে।