লন্ডনে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী ৪ সেপ্টেম্বর শুরু
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়াটারলিলি কমপ্লেক্সে আগামী ৪ থেকে ১০ সেপ্টেম্বর বাংলাদেশি পণ্যের এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানো এবং পণ্যের চাহিদা যাচাইয়ের সুযোগ করে দিতে ‘ঈদ মেলা ২০১০’ শীর্ষক সপ্তাহব্যাপী এই প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কিলস ব্যাংক প্লাস ও সিয়েরা ২১ নামের দুটি প্রতিষ্ঠান যথাক্রমে এই মেলার আয়োজক ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে।এ প্রসঙ্গে মেলার আয়োজক কয়সর আহমেদ বলেন, যুক্তরাজ্যসহ ইউরোপের বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের এবং বিভিন্ন পণ্যের পরিচিতি বাড়ানোর লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। এতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।মেলা উপলক্ষে সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, মেলায় পাঁচটি কিং স্পন্সর ও ১০০টি স্টল থাকবে। এর মধ্যে বাংলাদেশ থেকে যোগ দেবে তিনটি কিং স্পন্সর ও ৪৪টি স্টল। আর বাকি দুটি কিং স্পন্সর ও ৫৬টি স্টল নেবেন যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে উন্মুক্ত বাজার প্রতিযোগিতার যুগে আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে হলে চাই পণ্যের প্রচার ও প্রসার। সে অনুযায়ী এই মেলা বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।