লন্ডনের সোনালী ব্যাংককে ৩০ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংক ইউকেকে সাড়ে ৩২ লাখ পাউন্ড (৩০ কোটি টাকা) চূড়ান্ত জরিমানা করেছে দেশটির আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ)। বন্ধ রয়েছে নতুন হিসাব খোলা। নতুন গ্রাহকদের কাছ থেকে আগামী ১৬৮ দিন আমানত গ্রহণেও নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। তবে পুরোনো গ্রাহকদের আমানত নিতে পারবে ব্যাংকটি। চালু রয়েছে রেমিট্যান্স-সেবাও।
এ ছাড়া ব্যাংকটির মুদ্রা পাচার প্রতিরোধ বিভাগের প্রধান স্টিভেন স্মিথকে এ ধরনের চাকরিতে নিষিদ্ধের পাশাপাশি ১৮ হাজার পাউন্ড (১ লাখ ৭১ হাজার টাকা) জরিমানাও করা হয়েছে। সোনালী ব্যাংক ইউকের কাছে পাঠানো এফসিএর চূড়ান্ত নোটিশে গত বুধবার এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চূড়ান্ত নোটিশে সোনালী ইউকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদেরও সমালোচনা করেছে এফসিএ। ২০১০ সালের ২০ আগস্ট থেকে ২০১৪ সালের ২১ জুলাই সময়ে অর্থ পাচার প্রতিরোধব্যবস্থার দুর্বলতার কারণে এ শাস্তির মুখে পড়তে হয়েছে ব্যাংকটিকে।
এ সময় ব্যাংকটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন খোন্দকার মো. ইকবাল ও আতাউর রহমান প্রধান। তাঁরা দুজনই পদোন্নতি পেয়ে যথাক্রমে বেসিক ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন।
প্রবাসীদের সেবা দিতে ও ঋণপত্রের নিশ্চয়তা প্রদানের জন্য ২০০১ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে সোনালী ব্যাংক। এতে সরকারের শেয়ার ৫১ শতাংশ এবং সোনালী ব্যাংকের শেয়ার ৪৯ শতাংশ।
জরিমানার বিষয়ে সোনালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রথম আলোর কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে জরিমানার বিষয়টি জানি না। তবে আমাদের একটি দল ব্যাংকটির কার্যক্রম পরিদর্শনে আগামী মাসের শেষের দিকে যুক্তরাজ্যে যাবে।’
জানা গেছে, অর্থ পাচার প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করতে ২০১০ সালে ব্যাংকটিকে একাধিকবার সতর্ক করে এফসিএ। ২০১৪ সালে প্রতিরোধব্যবস্থার চূড়ান্ত দুর্বলতার বিষয়টি জানানো হয়। ২০১৫ সালের মার্চে ব্যাংকটি জানতে পারে, একজন গ্রাহককে না জানিয়ে অর্থ তুলে নেওয়া হয়েছে। কিন্তু ওই বছরের ১৫ মে পর্যন্ত ব্যাংকটি এফসিএকে এ বিষয়টি অবহিত করেনি।
এ ছাড়া এক গ্রাহক বছরে আয় করেন ২৮ হাজার পাউন্ড, কিন্তু তিনি ১৮ মাসে দেশে পাঠিয়েছেন ২৫ হাজার পাউন্ড, যা সন্দেহজনক। বিষয়টি ব্যাংকের নজরে এলেও তদন্ত হয়নি। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটিকে প্রাথমিকভাবে ৫৫ লাখ পাউন্ড জরিমানা করা হলেও শেষ পর্যন্ত চূড়ান্ত নোটিশে তা সাড়ে ৩২ লাখ পাউন্ড বলে জানা গেল।
চূড়ান্ত নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালে ব্যাংকটির চালু হিসাবসংখ্যা ছিল ২ হাজার ৪৭৫। এ ছাড়া নিবন্ধিত রেমিট্যান্স প্রেরণকারী হিসাব ছিল ৮৫ হাজার ৬২৫টি, তবে চালু হিসাব ১১ হাজার ৬২৫টি।
সোনালী ব্যাংক ইউকের প্রধান নির্বাহী সারওয়ার হোসেন গত সপ্তাহে প্রথম আলোকে বলেছিলেন, ২০১০-১৪ সালে বেশ কিছু আইন পরিপালনে বেশ কিছু ঘাটতি ছিল, এ কারণেই মূলত ৫৫ লাখ পাউন্ড জরিমানা করা হয়। চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে আমরা বিষয়টা জানতে পারি। জরিমানার বিষয়ে আগেই টের পেয়ে বহিঃনিরীক্ষকদের পরামর্শে ২০১৫ সালে জরিমানা পরিশোধের জন্য ১৭ লাখ পাউন্ড সঞ্চিতি রাখা হয়।
সারওয়ার হোসেন বলেন, জরিমানার প্রাথমিক স্তরে সাজা মেনে নিলে দণ্ডের ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়। দণ্ড এড়ানোর সুযোগ না থাকায় পর্ষদের পরামর্শে প্রাথমিক স্তরেই (১২ আগস্টের মধ্যে) জরিমানার সঙ্গে একমত পোষণ করা হয়। এর ফলে ৫৫ লাখের স্থলে প্রায় ৩২ লাখ পাউন্ড প্রদান করতে হবে, যার মধ্যে ২৫ লাখ পাউন্ডের সংস্থান রয়েছে। বাকি অর্থ চলতি বছরের হিসাব থেকে সঞ্চিতি করে জোগান দেওয়া হবে।
এদিকে, পরিশোধিত মূলধন দিয়ে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা সম্ভব না হওয়ায় মূল সোনালী ব্যাংক থেকে আমানত নেয় সোনালী ব্যাংক ইউকে। ব্যাংকটির ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মূল ব্যাংক থেকে আমানত ছিল ১৫ কোটি পাউন্ড (১ হাজার ৪২৫ কোটি টাকা)। তবে বর্তমানে সোনালী ইউকের কাছে আমানত রয়েছে মাত্র ৬ কোটি ৬৩ লাখ পাউন্ড (প্রায় ৬২৯ কোটি টাকা)। ব্যাংকটি নাম লিখিয়েছে লোকসানির তালিকায়ও। শুধু আমানত শেষ নয়, ব্যাংকটির কার্যক্রমের পদে পদে হয়েছে দুর্নীতিও। বন্ধ হয়ে গেছে বেশির ভাগ শাখা।
২০১৩ সালের ২ জুন সোনালী ব্যাংক ইউকের ওল্ডহ্যাম শাখা থেকে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে ২ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ২ কোটি টাকা) হাতিয়ে নেওয়া হয়। এ ছাড়া ওল্ডহ্যাম শাখার সাবেক ব্যবস্থাপক ইকবাল আহমেদ ব্যাংকের ভল্ট থেকে অর্থ চুরি, গ্রাহকের হিসাব থেকে অবৈধভাবে অর্থ উত্তোলন ও গ্রাহকের অর্থ হাতিয়ে নেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর বন্ধ হয়ে যায় শাখাটি। ওল্ডহ্যাম শাখা বন্ধের পর গত ৩০ জুন বন্ধ করে দেওয়া হয় লুটন শাখাও। এরপর গত ৩০ সেপ্টেম্বর বন্ধ হয়ে গেছে কেমডেন শাখা। এ ছাড়া ব্র্যাডফোর্ড শাখা বন্ধ করে দেওয়া হবে আগামী ৩১ ডিসেম্বর। ফলে ২০১৭ সাল থেকে চালু থাকবে প্রধান শাখা ও বার্মিংহাম শাখা। ছয়টি শাখার মধ্যে চালু থাকছে মাত্র দুটি শাখা।