লবণ উৎপাদনে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের সাবরাং আচারবুনিয়া গ্রামের মাঠে লবণ আহরণ করছেন চাষিরা l প্রথম আলো
টেকনাফের সাবরাং আচারবুনিয়া গ্রামের মাঠে লবণ আহরণ করছেন চাষিরা l প্রথম আলো

বিরূপ আবহাওয়ার কারণে দেশে লবণ উৎপাদনে ধস নেমেছে। আর এ সুযোগে লবণ আমদানি করতে উঠেপড়ে লেগেছেন মিলমালিকেরা। চাষিরা বলছেন, এ সুযোগ দেওয়া হলে তাঁরা বড় ধরনের লোকসানে পড়বেন।
টেকনাফ লবণচাষি কল্যাণ সমিতির সভাপতি মো. শফিক মিয়া প্রথম আলোকে বলেছেন, কম দামে উৎপাদিত লবণ বিক্রি করে চাষিরা হতাশ। ব্যবসায়ী সিন্ডিকেট ভারত থেকে লবণ আমদানির জন্য দেশে উৎপাদিত লবণের দাম কমিয়ে দিয়েছে। এ কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অন্যদিকে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনে পাঠানো চিঠিতে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেছেন, দেশে এবার লবণের উৎপাদন কম হয়েছে। অপরিশোধিত লবণের সরবরাহ নিশ্চিত করা না গেলে লবণের বাজারে ২০১২ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি হবে। তাই এখনই লবণ আমদানির অনুমতি দেওয়া প্রয়োজন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কক্সবাজার লবণশিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, স্থানীয় লবণের গুণমান ভালো না—এ অজুহাত দেখিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট ভারত থেকে লবণ আমদানির চেষ্টা করছে। একই অজুহাতে গত বছরও লবণ আমদানি করা হয়েছিল।
বিসিক বলছে, কক্সবাজারে প্রতি মণ কালো লবণ (অপরিশোধিত) ১৩০ টাকা, সাদা লবণ (ওয়াশ করা) ১৪৬ টাকা আর পলিথিন-পদ্ধতিতে উৎপাদিত লবণ ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার টাকায়। তবে বাজারে এক কেজির প্যাকেটজাত লবণ বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়।
উৎপাদন পরিস্থিতি: বিসিকের তথ্য অনুযায়ী, গত ২০১৩-১৪ উৎপাদন মৌসুমে ১৫ মে পর্যন্ত যেখানে ১৭ লাখ ৫৩ হাজার টন অপরিশোধিত লবণ উৎপাদিত হয়েছিল, সেখানে এ বছর উৎপাদিত হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ১৮০ টন লবণ।
এ বছরের লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৮ লাখ টন। বিসিক বলছে, ১৫ নভেম্বর থেকে ১৫ মে পর্যন্ত দেশে লবণের উৎপাদন মৌসুম। এবারের উৎপাদন প্রায় শেষ। এখনো কিছু উৎপাদিত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত হলে যেকোনো সময় উৎপাদন বন্ধ হয়ে যাবে। তাই এবারের উৎপাদন ১৩ লাখ টন ছাড়ানোর সম্ভাবনা নেই।
সরকারি হিসাবমতে, দেশে ভোজ্যলবণের চাহিদা ১৬ লাখ ৫৮ হাজার টন।
গত বছর ১৫ লাখ ৮০ হাজার টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও অনুকূল আবহাওয়ায় উৎপাদিত হয় ১৭ লাখ ৫৩ হাজার টন লবণ।
সরেজমিন গতকাল সোমবার দুপুরে টেকনাফের সদর উপজেলার সাবরাং ও হ্নীলা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, হাজার হাজার একর জমিতে সমুদ্রের লোনা পানি জমিয়ে সাদা লবণ উৎপাদন করা হচ্ছে। উৎপাদিত লবণ মাঠে স্তূপ করে রাখা হয়েছে।
সাবরাং এলাকার চাষি আজিজুল হক জানান, পলিথিন প্রযুক্তির এক মণ সাদা লবণ উৎপাদন করতে তাঁদের ১২৫-১৩০ টাকা খরচ হচ্ছে। কিন্তু প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। অথচ এ লবণই গত ডিসেম্বরে মণপ্রতি ১৪০-১৮০ টাকায় বিক্রি হয়।
বিসিক বলছে, মাঠে এখন ৪ লাখ ৪১ হাজার টন লবণ অবিক্রীত পড়ে আছে। এ বছর ৪৮ হাজার চাষি লবণের চাষ করেছেন।
একাধিক জমির মালিক জানান, লোকসানের ভয়ে অনেক চাষি এবার মাঠে নামেনি। কয়েকজন বর্গা চাষির অভিযোগ, গত বছর ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম ঋণ নিয়ে লবণ উৎপাদনে নেমেছিলেন। কিন্তু মূলধনই ওঠাতে পারেননি তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নয়াপাড়া, সাবরাং, টেকনাফ সদর, লেদা, আলীখালী, রঙ্গিখালী, চৌধুরীপাড়া, নাটমোরাপাড়া, সিকদারপাড়া, হোয়াকব্রাং, মৌলভীবাজার, খারাংখালী, নয়াপাড়া, কানজরপাড়াসহ বিভিন্ন স্থানে লবণ উৎপাদনের কাজ চললেও অনেক জায়গায় দেখা গেছে লবণের মাঠ এখনো খালি পড়ে আছে।
আমদানির সুযোগ দাবি: আমদানির সুযোগ চেয়ে পাঠানো চিঠিতে লবণ মিল মালিক সমিতি বলেছে, উৎপাদন-ঘাটতি সামনে রেখে কক্সবাজার ও চট্টগ্রামের মজুতদারেরা অতি মুনাফার আশায় চাষিদের কাছ থেকে লবণ কিনে মজুত করে রাখছেন। এতে অপরিশোধিত লবণের সরবরাহ এখন অর্ধেকে নেমেছে।
সমিতির সাবেক সভাপতি ও পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী পরিতোষ কান্তি সাহা প্রথম আলোকে বলেন, এবার চাহিদার চেয়ে অন্তত পাঁচ লাখ টন লবণের ঘাটতি আছে। সরকার এখনই সিদ্ধান্ত না নিলে ২০১২ সালের মতো অবস্থার সৃষ্টি হতে পারে। তিনি জানান, ভারতে এখন লবণের উৎপাদন মৌসুম চলছে। এখনই অনুমতি দেওয়া হলে কম দামে অপরিশোধিত লবণ আমদানি করা যাবে।