লবণ ৫ লাখ টনই আমদানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে দাম কমিয়ে আনতে ৫ লাখ টন লবণ আমদানির প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রকৃত মিলমালিকেরা আগামী চার মাসের মধ্যে এ পরিমাণ লবণ আমদানি করতে পারবেন। অবশ্য আমদানির জন্য ঋণপত্র খুলতে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অনুমতি নিতে হবে।

বিগত মৌসুমে দেশে পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্তের কথা জানানো হয়। সূত্র জানিয়েছে, এ ঘোষণার পর কক্সবাজারকেন্দ্রিক অপরিশোধিত লবণ ব্যবসায়ীদের একটি অংশ এর বিরোধিতা করেছিল। তবে ভোক্তাদের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় আমদানির পরিমাণ ৫ লাখ টনই রেখেছে। গত রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ঢাকার বাজারে এখন ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত সবচেয়ে ভালো মানের লবণের দাম ৩৮-৪০ টাকা, দুই বছর আগেও যা ২৫ টাকা ছিল। গত দুই মৌসুমে দেশে উৎপাদন কম হওয়ায় দাম বাড়তে বাড়তে এখনকার পর্যায়ে উঠেছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) হিসাবে, জুন মাসে শেষ হওয়া মৌসুমে লবণ উৎপাদন হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার টন, যা গত বছরের চেয়ে প্রায় ২ লাখ টন কম। সব মিলিয়ে সরকারের হিসাবে অপরিশোধিত লবণের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় আড়াই লাখ টন। তবে মিলমালিকদের হিসাবে ঘাটতি প্রায় ১০ লাখ টন।

বাংলাদেশে ভোজ্য লবণ আমদানি নিষিদ্ধ। তবে আমদানিনীতি আদেশ স্থগিত করে গত বছরও আড়াই লাখ টন লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। অবশ্য ঢালাওভাবে বন্ধ মিলমালিকদেরও আমদানির সুযোগ দেওয়ায় গত বছর ক্রেতাপর্যায়ে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির মূল্য কমেনি।