লবণের দাম কমার সুফল মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নতুন মৌসুমের অপরিশোধিত লবণ বাজারে আসতে শুরু করায় দাম কমে গেছে। ফলে বড় কোম্পানিগুলোর পরিশোধিত লবণ উৎপাদনের খরচও কমেছে। তবে এর সুফল পাচ্ছেন শুধু খুচরা বিক্রেতারা। কোম্পানিগুলো মোড়কে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) না কমানোয় ভোক্তারা এর কোনো সুফল পাচ্ছেন না।
বাজারে এখনো সবচেয়ে ভালো মানের লবণ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৮ টাকা দরে। এ লবণ খুচরা বিক্রেতারা কিনতে পারছেন ২৮ থেকে ৩১ টাকা দরে। ফলে তাঁদের প্রতি কেজিতে লাভ হচ্ছে ৭ থেকে ১০ টাকা। খুচরা বিক্রেতাদের এ সুযোগ দিয়ে রেখেছে কোম্পানিগুলো। কিছুদিন আগেও তারা খুচরা বিক্রেতাদের কেজিতে ৩ থেকে ৪ টাকার বেশি লাভ করার সুযোগ দিত না।
প্রতিবছর ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত কক্সবাজার জেলার উপকূলে লবণ উৎপাদন করেন চাষিরা। এ বছর অপরিশোধিত লবণের দাম বেশি থাকায় তাঁরা আগেভাগেই মাঠে নেমে পড়েন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) লবণ উৎপাদন প্রকল্পের উপমহাব্যবস্থাপক আবসার উদ্দিন বলেছেন, এ পর্যন্ত প্রায় নয় লাখ টন অপরিশোধিত লবণ উৎপাদিত হয়েছে। স্থানীয় চাষিরা বলেন, ব্যাপক উৎপাদনের কারণে অপরিশোধিত লবণের মণপ্রতি দর ২৫০ টাকায় নেমেছে, যা গত মৌসুমে ৫২০ টাকার কাছাকাছি ছিল।
এ মৌসুম শুরুর আগে ঢাকা ও নারায়ণগঞ্জে অপরিশোধিত লবণের বস্তাপ্রতি (৭৫ কেজি) ১ হাজার ২০০ টাকায় উঠেছিল বলে দাবি করেছিল বড় কোম্পানিগুলো। এখন সেই লবণ ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে তারা। এ বিষয়ে জানতে চাইলে একটি কোম্পানির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা খুচরা পর্যায়ে দাম কমিয়েছেন। পুরোনো কিছু মজুত রয়ে গেছে। তা শেষ হলেই নতুন লবণ কেনা হবে। তখন দাম আরও কমবে।
দেশে বছরে প্রায় সাড়ে ১৬ লাখ পরিশোধিত লবণের প্রয়োজন হয়। বিসিকের হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে দেশে ১২ লাখ ৮২ হাজার টন ও ২০১৫-১৬ অর্থবছরে ১৫ লাখ ৩০ হাজার টন লবণ উৎপাদিত হয়েছিল। বড় মিলমালিকদের মতে, ১৬ লাখ টন পরিশোধিত লবণ উৎপাদনে ২২ লাখ টন অপরিশোধিত লবণ প্রয়োজন।
উৎপাদন কম হওয়ায় গত মৌসুমের পর থেকেই দেশের বাজারে লবণের দাম বাড়তে থাকে। ২৫-২৬ টাকা কেজির লবণ কেজিপ্রতি ৪২ টাকায় ওঠে। গত সেপ্টেম্বর মাসে তখনকার বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন লবণের দাম কেজিতে ৪ টাকা কমানোর অনুরোধ করেন। তখন কোম্পানিগুলো দাম ৪২ টাকা থেকে কমিয়ে কেজিপ্রতি ৩৮ টাকা করে। তখন থেকে এ দামেই লবণ বিক্রি হচ্ছে। যদিও মাঝে আড়াই লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর সুফলও পাননি ক্রেতারা। বাজারে দাম কমেনি।
পূবালী সল্টের চেয়ারম্যান পরিতোষ কান্তি সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা মোড়কে লেখা দাম কমাইনি। কারণ, অপরিশোধিত লবণের দামের কোনো ঠিক নেই। এক দিন বৃষ্টি হলেই দাম আবার বেড়ে যাবে। কোম্পানি চাইলেই কয়েক দিন পরপর দাম বাড়াতে-কমাতে পারে না।’
ওই লবণ মিলমালিক আরও বলেন, এক কেজি অপরিশোধিত লবণের উৎপাদন খরচ ২ টাকা। সেই লবণ বিক্রি হয় ১০ টাকা। এর সুফল কখনো চাষিরা পান না। লাভ হয় জমির মালিকদের। তাঁরা জমির যে ইজারামূল্য নেন, তাতে প্রতি কেজিতে পাঁচ টাকার বেশি ভাড়া পড়ে।