লবণের দাম কেজিতে তিন টাকা কমানোর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের লবণের দাম কেজিতে তিন টাকা করে কমানোর ঘোষণা দিয়েছে লবণ মিলের মালিকদের সমিতি। দু-এক দিনের মধ্যে হ্রাস করা মূল্যে লবণ কিনতে পারবেন ক্রেতারা।রাজধানীর মতিঝিলে সমিতির কার্যালয়ে গতকাল সোমবার বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সাবেক সভাপতি ও পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী পরিতোষ কান্তি সাহা সাংবাদিকদের এ তথ্য জানান।লবণ মিলমালিকেরা রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে লবণের দাম কমানোর আশ্বাস দেন। এর পরই দাম কমানোর এ ঘোষণা দেওয়া হলো।কয়েক মাস ধরেই বিভিন্ন ব্র্যান্ডের লবণ বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে এখন ভ্যাকুয়াম ইভাকুরেশন, মেকানিক্যাল ও সনাতনী পদ্ধতিতে পরিশোধিত—এই তিন ধরনের লবণ বিক্রি হচ্ছে। ভ্যাকুয়াম ইভাকুরেশন পদ্ধতির লবণ ৩৩ টাকা, মেকানিক্যাল পদ্ধতির লবণ ৩০ ও সনাতনী পদ্ধতির লবণ ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়। এখন থেকে সব ধরনের লবণের দাম কমবে তিন টাকা করে।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন বলছে, গত এক মাসে লবণের দাম বেড়েছে ১৫ শতাংশ এবং এক বছরে বেড়েছে ৬৫ শতাংশ। এক বছর আগে প্যাকেটজাত লবণের কেজি ছিল গড়ে ১২ থেকে ২০ টাকা।পরিতোষ কান্তি সাহা বলেন, সোমবার থেকে প্যাকেটের গায়ে নতুন দাম লেখা শুরু হয়েছে। এটা ক্রেতাদের হাতে পৌঁছাতে দু-এক দিন সময় লাগবে।চলতি মৌসুমে বিসিক ১৪ লাখ ৩৭ হাজার টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে। তবে উৎপাদন হয় প্রায় ১২ লাখ টন। আরেক বছরের মজুদ দুই লাখ টনসহ সব মিলিয়ে লবণের মজুদ এখন ১৪ লাখ টন। ঘাটতি বিবেচনায় বিসিক এ বছর দুই লাখ টন লবণ আমদানির প্রস্তাব করে। তার পরিপ্রেক্ষিতে ৫ জুন বাণিজ্য মন্ত্রণালয় মিলমালিকদের জন্য লবণ আমদানি উন্মুক্ত করে দেয়। এ জন্য ৩০ জুন পর্যন্ত তাঁদের সময় বেঁধে দেওয়া হয়।আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত আড়াই লাখ টন অপরিশোধিত লবণ আমদানির ঋণপত্র খোলা হয়েছে। রমজানের আগেই এসব লবণ দেশে এসে পৌঁছাবে।বাণিজ্য মন্ত্রণালয় লবণ আমদানির অনুমতি দেওয়ার আগে গত ৮ এপ্রিল চার লাখ টন লবণ আমদানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় লবণ মিলমালিকদের সমিতি। সমিতি দাবি করেছিল, এ বছর লবণের ঘাটতি হবে চার লাখ টন।