দেশের বাজারে পরিশোধিত লবণের দাম কেজিতে চার টাকা করে কমাবে বড় বিপণনকারীরা। গতকাল বুধবার লবণের বাজার পরিস্থিতি পর্যালোচনার এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠক শেষে পূবালী সল্টের মালিক পরিতোষ কান্তি সাহা প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্যসচিব আমাদের দাম কমাতে বলেছেন। লোকসান হলেও আমরা পবিত্র ঈদুল আজহায় সাধারণ মানুষের সুবিধার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’
দেশে লবণের দাম বেড়ে যাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় পরিস্থিতি পর্যালোচনার জন্য এ বৈঠক আহ্বান করে। এতে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন লবণ মিলমালিকদের দাম কমানোর অনুরোধ করেন বলে জানা গেছে। বৈঠকে এসিআই সল্ট, মোল্লা সল্ট, কনফিডেন্স সল্ট ও মধুমতি সল্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এসব মিলের মালিক ও কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ করে কেজিতে চার টাকা করে দাম কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নেন। পরে যোগাযোগ করা হলে এসিআই জানিয়েছে, তারাও তাদের লবণের দাম কেজিতে চার টাকা করে কমাবে। নতুন করে যেসব পরিবেশক লবণ নেবেন, তাঁরা কম দামে পাবেন।
মোল্লা সল্টের মহাব্যবস্থাপক আবদুল মান্নান জানান, তাঁদের লবণের দামও কমবে। তবে সেটার চূড়ান্ত সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার নেওয়া হবে।
পরিতোষ কান্তি সাহা জানান, তার কোম্পানির ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত লবণ এখন প্রতি কেজি ৪২ টাকা, তা কমিয়ে ৩৮ টাকা করা হবে। অন্যদিকে মেকানিক্যাল পদ্ধতিতে পরিশোধিত লবণের দাম ৪০ থেকে কমিয়ে প্রতি কেজি ৩৬ টাকা ও সনাতন পদ্ধতিতে পরিশোধিত লবণের দাম ৩২ টাকা থেকে ২৮ টাকা করা হবে।
পরিতোষ কান্তি সাহা বলেন, ‘গত মে মাসে দেশে লবণ উৎপাদনের মৌসুম শেষ হওয়ার পর আমরা ঘাটতির কথা সরকারকে জানিয়েছি। আগে আমদানির অনুমোদন দেওয়া হলে দাম এত বাড়ত না।’
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসেও প্রতি কেজি ভালো মানের লবণের দাম ছিল কেজিপ্রতি ২৫ থেকে ২৬ টাকা। এখন তা ৪০ থেকে ৪২ টাকায় উঠেছে। যা সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে বেশি। অন্যদিকে অপরিশোধিত লবণের দাম উঠেছিল কেজিপ্রতি ১৬ টাকায়, যা সাধারণত পাঁচ টাকার আশপাশে থাকে।
নতুন দামের লবণ খুচরা বাজারে পেতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন মিলমালিকেরা।