লবণের দাম সহনশীল হবে: বাণিজ্যমন্ত্রী
আরও এক লাখ টন আমদানি হলেই লবণের দাম সহনশীল হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) অর্থনৈতিক উন্নয়ন বিভাগের মহাপরিচালক ডেভিড কেনেডির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, ২ লাখ ৫০ হাজার টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। আমদানি হয়েছে ১ লাখ ৫০ হাজার টন। বাকিটা আমদানি হলেই লবণের দাম সহনশীল হবে বা নিয়ন্ত্রণে চলে আসবে।
সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার আয়োডিনযুক্ত প্যাকেটজাত লবণের দাম ছিল প্রতি কেজি ২৫ থেকে ৪০ টাকা। এক মাস আগে ছিল ২৮ থেকে ৪২ টাকা। টিসিবির তথ্য বলছে, এক বছর আগে লবণের দাম ছিল প্রতি কেজি ১৫ থেকে ২৮ টাকা। সে হিসাবে এক বছরে লবণের দাম বেড়েছে ৫১ দশমিক ১৬ শতাংশ।