লবণের প্যাকেটে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা বাধ্যতামূলক
লবণ উৎপাদন ও ব্যবসা-সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। সভায় লবণের প্যাকেটে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা বাধ্যতামূলক এবং তা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে লবণ ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ব্যাপারে বাজার মনিটরিংপূর্বক বিধিমোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপ বাস্তবায়নের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে পরামর্শ দেওয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। সভায় লবণ চাষি ও ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুণ্ন রেখে লবণের উৎপাদন খরচ এবং সম্ভাব্য বাজার দর নিরূপণের লক্ষ্যে বিসিকের চেয়ারম্যানকে আহ্বায়ক করে লবণ চাষি সমিতি, লবণ মিলমালিক সমিতি, কস্টিক সোডা উৎপাদনকারী শিল্পমালিক, ট্যারিফ কমিশন এবং শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী সাত দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ জমা দেবে। এ ছাড়া উন্নতমানের লবণ উৎপাদনের বিষয়ে বিসিকের চেয়ারম্যান এবং কস্টিক সোডা উৎপাদনের জন্য শিল্প লবণের প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য সুপারিশ তৈরির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়। তথ্য বিবরণী।