লবণের মণ ২৫০ টাকায় নেমেছে, চাষিরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার উপকূলের নানা জায়গায় এভাবে রাখা আছে লবণের স্তূপ। ছবিটি জেলার কুতুবদিয়া উপজেলার দরবারঘাট এলাকা থেকে গত শুক্রবার তোলা l প্রথম আলো
কক্সবাজার উপকূলের নানা জায়গায় এভাবে রাখা আছে লবণের স্তূপ। ছবিটি জেলার কুতুবদিয়া উপজেলার দরবারঘাট এলাকা থেকে গত শুক্রবার তোলা l প্রথম আলো

কক্সবাজারের উপকূলে এখন অপরিশোধিত লবণের ব্যাপক উৎপাদন হচ্ছে। কিন্তু ন্যায্যমূল্য না পেয়ে হতাশ হচ্ছেন চাষিরা। চাষিদের অভিযোগ, গত বছর প্রতি মণ লবণ বিক্রি হয়েছিল সর্বোচ্চ ৫৩০ টাকায়। এ মৌসুমে শুরুর দিকে মণপ্রতি লবণের দাম ছিল ৪০০ টাকা, এখন তা ২৫০ টাকায় নেমেছে। তাঁদের আরও অভিযোগ, বিদেশ থেকে আমদানির গুজব ছড়িয়ে চাষি পর্যায়ে লবণের দাম কমিয়ে দিয়েছে একটি মহল।

এদিকে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে আজ মঙ্গলবার কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল) সমাবেশের ডাক দিয়েছেন প্রান্তিক চাষিরা। জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া উপজেলায় সমাবেশ নিয়ে জোর প্রচারণা চলছে। এতে জেলার অন্তত ৫০ হাজার প্রান্তিক লবণচাষিকে জড়ো করার চেষ্টা চলছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ আশেক উল্লাহ রফিক প্রথম আলোকে বলেন, কক্সবাজারে ৬০ হাজার একরের বেশি জমিতে লবণ চাষ হয়। সেখান থেকে ১৮ লাখ মেট্রিক টনেরও বেশি লবণ উৎপাদিত হয়। এ লবণ দিয়ে দেশের চাহিদা পূরণ হচ্ছে। তিনি বলেন, লবণের ন্যায্যমূল্য না পেলে চাষিরা ক্ষতিগ্রস্ত হন এবং লবণ উৎপাদন ব্যাহত হয়। তাই মাঠের পরিস্থিতি দেখতে বাণিজ্যমন্ত্রী কক্সবাজার সফর করবেন। লবণচাষি সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি তাঁর লবণ মাঠ পরিদর্শনের কথা রয়েছে।

গত শুক্রবার সাগরদ্বীপ উপজেলা কুতুবদিয়া ঘুরে দেখা গেছে, উপকূলে অসংখ্য সাদা লবণের স্তূপ পড়ে আছে। প্রতিটি স্তূপে ৫০-৬০ মণ করে লবণ। উপজেলার লেমশিখালী ইউনিয়নের দরবারঘাট, উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলিপাড়া, আলীআকবরডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামের কয়েক হাজার একর জমিতে লবণের বাম্পার উৎপাদন হচ্ছে।

দরবারঘাটের চাষি নবাব মিয়া বলেন, গত বছর প্রতিমণ লবণ বিক্রি হয়েছে ৫২০ টাকায়। এ ক্ষেত্রে প্রতি কেজির দাম পড়েছে ১৩ টাকা। লাভের আশায় চলতি মৌসুমের এক মাস আগে নভেম্বর থেকে মাঠে নামেন চাষিরা। তবে উৎপাদন যত বেশি হচ্ছে, লবণের দামও তত কমে যাচ্ছে। এখন মণপ্রতি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কক্সবাজার লবণ উৎপাদন প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. আবসার উদ্দিন বলেন, চলতি মৌসুমে (ডিসেম্বর থেকে এপ্রিল) ৬০ হাজার ১৩০ একর জমিতে লবণ উৎপাদন চলছে। গত মৌসুমে প্রায় ১৮ লাখ টন লবণ উৎপাদিত হয়েছিল। এবার কয়েক লাখ টন বেশি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমের এ পর্যন্ত ৯ লাখ টনের বেশি লবণ উৎপাদিত হয়েছে বলে দাবি করেন তিনি।

কক্সবাজার লবণ চাষি সমিতির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, লবণচাষি সমাবেশে তাঁরা প্রতি মন লবণের মূল্য ৫০০ টাকা নির্ধারণের দাবি করবেন।

বাংলাদেশ লবণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল চৌধুরী বলেন, গত বছর লবণের ভালো দাম পাওয়ায় এবার পাঁচ হাজার একর জমিতে অতিরিক্ত লবণ চাষ হচ্ছে।