লভ্যাংশ ঘোষণার পরও তিতাসের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ ঘোষণার পরও দরপতন ঘটেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ-জ্বালানি খাতের সরকারি মালিকানাধীন কোম্পানি তিতাস গ্যাসের। গতকাল বৃহস্পতিবার দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দুই টাকা ৮০ পয়সা বা ৩ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা শেষে বুধবার গত অর্থবছরের শেয়ারধারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে নগদে ৩০ শতাংশ ও বোনাস শেয়ারে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। একই সঙ্গে কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গতকাল এ খবর প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা ৩০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৯০ পয়সা। বার্ষিক লভ্যাংশ ও ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের দিনে দরপতনের মধ্য দিয়েই কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। দিনের শুরুতে কোম্পানিটির শেয়ারের কেনাবেচা হয় ৭৬ টাকা ১০ পয়সায়, যা আগের দিনের চেয়ে ছয় টাকা ১০ পয়সা কম। এরপর শেয়ারের দাম কিছুটা বাড়লেও তা আগের দিনের চেয়ে কমই ছিল। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ৭৯ টাকা ৪০ পয়সা। তবে তিতাস গ্যাসের শেয়ারের দাম কমলেও এ দিন দেশের উভয় শেয়ারবাজারের মূল্যসূচক ও লেনদেন দুটোই বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৫৫ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৬৬ পয়েন্টে। সূচকের এই ঊর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রেখেছে টেলিযোগাযোগ খাতের একমাত্র তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন। এ দিন ঢাকার বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম আট টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি লেনদেনের শীর্ষেও ছিল এই কোম্পানিটি। ঢাকার বাজারে এ দিনের মোট লেনদেনের পৌণে ৮ শতাংশই হলো গ্রামীণফোনের। কসমোপলিটন ফিন্যান্সের বাজার প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোন ছাড়াও বিএটিবিসি, ইউনিক হোটেল, ম্যারিকো ও আরএকে সিরামিকস এ দিন সূচকের ঊর্ধ্বগতিতে বড় ভূমিকা রেখেছে। ঢাকার বাজারে গতকাল ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ২১০টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত ছিল আটটির। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৯১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এ দিন ১৯০ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭৩ পয়েন্টে। সিএসইতে ১৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। চট্টগ্রামের বাজারে মোট লেনদেন হয় প্রায় ৩৫ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি।