লভ্যাংশ ঘোষণার পরও দরপতন যমুনা অয়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ ঘোষণার পরও বড় ধরনের দরপতন ঘটেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন কোম্পানি যমুনা অয়েলের। গতকাল বৃহস্পতিবার এক দিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম পৌনে ৪ শতাংশ বা ১০ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটি গত বুধবার শেয়ারধারীদের জন্য ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, যার মধ্যে রয়েছে ৪৫ শতাংশ নগদ ও ৩০ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ। গতকাল লভ্যাংশ ঘোষণার এ খবর দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আগের বছর কোম্পানিটি শেয়ারধারীদের জন্য নগদ ও বোনাস মিলিয়ে ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ বছর ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণার পরও দরপতন ঘটেছে কোম্পানিটির শেয়ারের। এর আগে সরকারনিয়ন্ত্রিত তিতাস গ্যাসেরও লভ্যাংশ ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের দরপতন ঘটেছে। তিতাস গ্যাসের দরপতনের সেই ধারা এখনো অব্যাহত রয়েছে।জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ভালো লভ্যাংশ ঘোষণার পরও ভালো কোম্পানির শেয়ারের দরপতন দুঃখজনক ঘটনা। তার পরও বাজারে এমন ঘটনা ঘটছে তার অন্যতম কারণ হলো, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যকার ব্যবধান।মাশরিব জাহিদ আরও বলেন, বিনিয়োগকারীদের সচেতনতার ঘাটতির কারণে বাজারে এমন ঘটনা ঘটছে। আগের বছরের চেয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তা সত্ত্বেও এমন দরপতন কাঙ্ক্ষিত নয়।এদিকে যমুনা অয়েলের দরপতনের পাশাপাশি শেয়ারবাজারেও এদিন মূল্যসূচক কমেছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির পরও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক তিন পয়েন্ট কমেছে। এ নিয়ে টানা পাঁচ দিন ঢাকার বাজারে সূচক কমেছে।মূল্যসূচকের উত্থান-পতনে বড় ধরনের প্রভাব রাখে এমন কোম্পানির দরপতনে সূচকও কমেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৪৯ পয়েন্ট।