লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে ফারইস্ট ফাইনান্স
শেয়ারধারীদের লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ (দুর্বল) ক্যাটাগরিতে যাচ্ছে গত বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানি ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বিদ্যমান ‘এন’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ট্রানজেকশনস) রেগুলেশনস ২০১৩ অনুযায়ী গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে লভ্যাংশ ঘোষণা না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আজ সকালে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
এদিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে তাদের শেয়ারপ্রতি ক্ষতি হয়েছে ৫১ পয়সা।
এদিকে ফারইস্ট ফাইনান্স আজ তাদের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব বিবরণী প্রকাশ করেছে। ওই হিসাব অনুযায়ী গত ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪২ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে তিন পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৫১ লাখ ৫০ হাজার টাকা ও তিন পয়সা। ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসান চার কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা।
গত বছরের ১৭ সেপ্টেম্বর ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।